জাতীয়
রাজনীতি এবং অর্থনীতিতে পরিবর্তন না এলে ফের গণঅভ্যুত্থান হতে পারে: পরিবেশ মন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু সতর্ক করে বলেন, রাজনীতি এবং অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন না এলে জেনজির (জেনারেশন জেড) নেতৃত্বে আবার গণঅভ্যুত্থান হতে পারে।
শনিবার (৪ এপ্রিল) রাজধানীর বনানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে নেপালের শতকোটিপতি (বিলিয়নিয়ার) ও সিজি-কর্প গ্লোবালের চেয়ারম্যান বিনোদ কে চৌধুরীর লেখা ‘মেড ইন নেপাল: লেসনস ইন বিজনেস বিল্ডিং ফ্রম দ্য ল্যান্ড অব এভারেস্ট’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
মন্ত্রী বলেন, দারিদ্র্য ও বৈষম্য কমাতে শক্তিশালী রাজনীতি এবং স্থিতিশীল অর্থনীতি অপরিহার্য। তিনি যুক্তি দেখান, ভালো রাজনীতি ছাড়া ভালো অর্থনীতি সম্ভব নয় এবং ভালো অর্থনীতি ছাড়া ভালো রাজনীতির নজিরও পৃথিবীতে নেই। এই অভাবের ফলে মানুষ বাধ্য হয়ে রাস্তায় নেমে আসে। বাংলাদেশ ও নেপাল সাম্প্রতিক উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন।
এছাড়া, বিনোদ কে চৌধুরী বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে কখনও ভাগ্য নির্ধারিত হয়। তাই ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমন্বয় ও দ্বিপক্ষীয়-ত্রিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন, যাতে ব্যবসায়িক স্বার্থ পূর্ণ হয়। তিনি বলেন, নেপাল ও বাংলাদেশের মধ্যে গত ৩০ বছরে অর্থনৈতিক সম্পর্ক খুব বেশি এগোয়নি, তবে সম্প্রতি নেপাল বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে এবং আরও অনেক ক্ষেত্র রয়েছে যেখানে সহযোগিতা বাড়ানো সম্ভব।