জাতীয়

৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৫:১৮ পিএম

৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। প্রায় ৪৫ বছর আত্মগোপনে থাকার পর রাজধানী থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে জানানো হবে।

গোয়েন্দা সূত্র জানায়, বুধবার মধ্যরাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত।

১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তা হামলা চালিয়ে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে। ঘটনায় সরাসরি অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে মেজর মোজাফফর হোসেন ও ক্যাপ্টেন মোসলেহ উদ্দিন ছিলেন উল্লেখযোগ্য।

বিভিন্ন সূত্র অনুযায়ী, ঘটনার সময় মেজর মোজাফফর হোসেনই প্রথম রাষ্ট্রপতিকে শনাক্ত করেন এবং তাকে লক্ষ্য করে গুলি চালান। হত্যাকাণ্ডের পর তিনি তৎকালীন চট্টগ্রাম সেনানিবাসের ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে টেলিফোনে হত্যার বিষয়টি নিশ্চিত করেন।

পরে সেনাবাহিনীর অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মেজর জেনারেল আবুল মঞ্জুরসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে মঞ্জুর নিহত হন। ক্যাপ্টেন মোসলেহ উদ্দিন গ্রেপ্তার হয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। তবে সে সময় মেজর মোজাফফর হোসেন পালিয়ে যেতে সক্ষম হন।

তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘ সময় তিনি ভারতে আত্মগোপনে ছিলেন এবং ছদ্মনাম ব্যবহার করে বিভিন্ন স্থানে অবস্থান করতেন।

অবশেষে দীর্ঘ ৪৫ বছর পর আত্মগোপনের অবসান ঘটিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হলো গোয়েন্দা পুলিশ।