রাজনীতি

বিরোধিতার জন্য নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল: জামায়াত আমির


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০২:৫৭ পিএম

বিরোধিতার জন্য নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

বিরোধিতার জন্য নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল এমন মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বর্তমান সংসদে আবারও একটি শক্তিশালী বিরোধীদলের ভূমিকা পরিলক্ষিত হচ্ছে।

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের এলডি ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ২০০৮ সালের পর দীর্ঘ সময় দেশে কার্যকর কোনো শক্তিশালী বিরোধীদল ছিল না। সে সময় সরকারকেই একসঙ্গে সরকার ও বিরোধীদলের ভূমিকায় থাকতে হয়েছে। তবে বর্তমানে সংসদে বিরোধীদল জনস্বার্থে বিভিন্ন বিষয়ে সক্রিয় ভূমিকা রাখছে এবং ভবিষ্যতে আরও শক্তিশালীভাবে কাজ করবে।

তিনি আরও বলেন, অতীতে সরকার ও বিরোধীদলের মধ্যে তীব্র বাকবিতণ্ডা, এমনকি কাগজপত্র ছোড়াছুড়ির ঘটনাও ঘটেছে। অনেক সময় অধিবেশন বর্জন করে সংসদ থেকে বেরিয়ে যেতেন সদস্যরা। অথচ সংসদের প্রতিটি অধিবেশন অত্যন্ত ব্যয়বহুল এই ব্যয় যেন জনগণের কল্যাণে কাজে লাগে, সে বিষয়ে বিরোধীদল সচেতন।

জামায়াত আমির বলেন, বিরোধীদল ‘নরম’ বা ‘গরম’ নয়, বরং যৌক্তিক বিরোধী দল হিসেবে কাজ করতে চায়। জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সংসদে সক্রিয় থাকার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি, যতদিন জনগণের পক্ষে কথা বলা সম্ভব হবে, ততদিন সংসদে থাকার কথাও জানান।

এছাড়া, জুন মাসের পরিবর্তে জানুয়ারিতে বাজেট ঘোষণা করলে অর্থের অপচয় কমানো সম্ভব বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে সংসদে বিরোধীদল জোরালোভাবে বক্তব্য রাখবে বলেও জানান ডা. শফিকুর রহমান।