রাজনীতি

চট্টগ্রামের বন্যায় প্রাণ হারানোদের পরিবারকে মাথাপিছু ৫০ হাজার টাকা দেবে জামায়াত


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৯:০২ পিএম

চট্টগ্রামের বন্যায় প্রাণ হারানোদের পরিবারকে মাথাপিছু ৫০ হাজার টাকা দেবে জামায়াত
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিভাগে সাম্প্রতিক বন্যায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রত্যেকের পরিবারকে মাথাপিছু ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১০ জুলাই) সকালে চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে বাঁশখালীর একটি কমিউনিটি সেন্টারে তিনি এ ঘোষণা দেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের আটটি বিভাগের মধ্যে বর্তমানে চারটি বিভাগ ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব অঞ্চলের মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে।

তিনি আরও বলেন, এটি কোনো ত্রাণ নয়, বরং মানুষের জন্য একটি উপহার। জামায়াতে ইসলামী একটি সংগঠন হিসেবে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। বন্যায় এই বিভাগে যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রত্যেকের পরিবারকে আগামী তিন দিনের মধ্যে ৫০ হাজার টাকা করে সহায়তা পৌঁছে দেওয়া হবে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। যাদের ঘরবাড়ি ধ্বংস হয়েছে, ফসল নষ্ট হয়েছে বা মাছের ঘের ভেসে গেছে তাদের তালিকা তৈরি করে যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

এ সময় তিনি সরকারি ও বেসরকারি সহায়তা বিতরণে কোনো অনিয়ম না হওয়ার বিষয়েও সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। জনগণের প্রাপ্য যেন সঠিকভাবে তাদের কাছে পৌঁছে, সে বিষয়ে সতর্ক থাকার কথা বলেন তিনি।

পরিদর্শনকালে তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সকাল ৭টা ৫০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখতে সফর শুরু করেন।