রাজনীতি
জামায়াত বেশি আসন পাওয়ায় রংপুরকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হচ্ছে: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, রংপুর অঞ্চলে দলটির বেশি আসন পাওয়ার কারণেই ওই এলাকাকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হচ্ছে। তিনি বলেন, এ ধরনের বৈষম্য রংপুরের মানুষ মেনে নেবে না এবং এর পরিণতি ভালো হবে না।
সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা বন্ধ করতে হবে। তিনি হুঁশিয়ার করে বলেন, যারা একই পথে এগোচ্ছেন, তাদেরও আগের মতো পরিণতির মুখোমুখি হতে হবে। দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিলে এ দেশে টিকে থাকা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের জনগণ কোনো ধরনের বাইরের প্রভাব বা খবরদারি মেনে নেবে না। বর্তমান প্রেক্ষাপটে তরুণরা প্রতিবাদ করতে শিখেছে বলেও উল্লেখ করেন তিনি।
বিএনপির সমালোচনা করে জামায়াত আমির বলেন, ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালিয়ে ক্ষমতায় গিয়ে তারা জনগণের সঙ্গে প্রতারণা করছে। যারা এখন অবস্থান পরিবর্তন করছেন, ভবিষ্যতে তাদেরও রাজনৈতিকভাবে টিকে থাকা কঠিন হবে বলে মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, দেশে চুরি, লুটপাট ও চাঁদাবাজি বেড়েছে। তিনি দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রয়োজনে রাজপথে নামতে প্রস্তুত থাকতে হবে।
দুই শিবির কর্মী হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ক্ষমতার দ্বন্দ্বে আর কোনো মায়ের সন্তান হারাক, তা তারা চান না। সহিংসতা এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি।
গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়ারেজের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন, বগুড়া জেলা আমির আব্দুল হক, গাইবান্ধা জেলা আমির আব্দুল করিম এবং জেলা ছাত্র শিবিরের সভাপতি ইউসুফ আল কাজামীসহ অন্যান্য নেতারা।
এর আগে ডা. শফিকুর রহমান নিহত শিবির কর্মী সাইফুল্লাহ বারী ও জামায়াত কর্মী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরে তাদের কবর জিয়ারত করেন।