রাজনীতি

পরিকল্পিতভাবে বিএনপির নামে ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে স্বার্থান্বেষী মহল: রিজভী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৩:৫৫ পিএম

পরিকল্পিতভাবে বিএনপির নামে ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে স্বার্থান্বেষী মহল: রিজভী
ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে প্রযুক্তির অপব্যবহার করে ফেসবুকে বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে।

মঙ্গলবার (৮ জুলাই) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী জানান, “বিএনপির নাম ভাঙিয়ে দখলদার, চাঁদাবাজ ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা যখনই সক্রিয় হয়, তখন সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হলেও তারা কোনো পদক্ষেপ নেন না। এটি উদ্দেশ্যপ্রণোদিত মনে হচ্ছে।”

তিনি আরও বলেন, “দলের নাম ভাঙিয়ে কেউ দখলবাজি বা চাঁদাবাজি করলে বিএনপি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়। অনেককে বহিষ্কার, অব্যাহতি বা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। যদিও এসব খবর গণমাধ্যমে খুব একটা আসে না।”

অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে রিজভী বলেন, “প্রশাসনিক স্থবিরতার কারণে দেশে মব কালচারের বিস্তার ঘটছে। সরকার এখন নির্বাচনের বিষয়ে নানা ধরনের ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, ঠিক যেভাবে শেখ হাসিনা উন্নয়নের নামে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে থাকেন। পুলিশ সদস্যরা আগেও রাজনৈতিক বক্তব্য দিতেন, এখনও তা অব্যাহত রেখেছেন।”

রিজভী সরকারের এসব কর্মকাণ্ডকে ‘গণবিরোধী ও পরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত’ হিসেবে আখ্যায়িত করেন।