রাজনীতি

৫ আগস্টের বিজয় ছিল জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের ফল: তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ০৩:২২ পিএম

৫ আগস্টের বিজয় ছিল জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের ফল: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত বছরের ৫ আগস্ট যে ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছে, তা কোনো একক রাজনৈতিক দলের মাধ্যমে সম্ভব হয়নি। বরং এই আন্দোলনের পেছনে ছিল দেশের সর্বস্তরের মানুষের ঐক্য, অংশগ্রহণ ও অবদান।

তিনি বলেন, এটি ছিল একটি গণজাগরণ, একটি বিপ্লব, যা জনগণের সমর্থনে স্বৈরাচার বিরোধী আন্দোলনকে সফল করেছে।

বুধবার (৬ আগস্ট) লন্ডনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সাবেক নৌবাহিনী প্রধান ও সাবেক মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 'মাহবুব আলী খান স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটি' এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে কোরআন খতম, দোয়া মাহফিল ও স্মৃতিচারণমূলক আলোচনার আয়োজন করা হয়।

তারেক রহমান বলেন, “মাহবুব আলী খান ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক। তিনি দেশের জন্য কাজ করে গেছেন। আমরা যারা রাজনীতি করি, তারাও দেশের মানুষের কল্যাণের জন্যই রাজনীতি করি। বর্তমানে দেশে একটি বড় পরিবর্তন এসেছে। মানুষ অনেক কিছু বুঝতে শিখেছে, জানতে পেরেছে। এখন আমাদের দায়িত্ব হলো মানুষের পাশে দাঁড়ানো এবং দেশকে উন্নতির পথে এগিয়ে নেওয়া।”

তিনি আরও বলেন, “৫ আগস্টের বিজয় একটি রাজনৈতিক পরিবর্তনের প্রতিফলন। এটি ছিল স্বৈরাচারবিরোধী একটি সফল আন্দোলন। রাজপথে দেশের সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ছাত্র, শ্রমিক, প্রবাসীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করায় এই আন্দোলন সফল হয়েছে। এটি জনগণের বিজয়।”

প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, “আমি দীর্ঘ ১৭ বছর ধরে প্রবাসে আছি। আমিও আপনাদের মতো একজন প্রবাসী। বিশ্বজুড়ে থাকা বাংলাদেশি প্রবাসীরা গত কয়েক বছরে যেভাবে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে জনমত গঠনে কাজ করেছেন, তা প্রশংসনীয়। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে আপনাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।”

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাদীক মিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন তারেক রহমানের স্ত্রী ও বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপ শাখার সমন্বয়ক কামাল উদ্দিনসহ প্রবাসী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

অনুষ্ঠানটি প্রবাসে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শহীদ মাহবুব আলী খানের স্মৃতি রক্ষায় একটি গুরুত্বপূর্ণ মিলনমেলায় পরিণত হয়।