রাজনীতি
জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় অসামঞ্জস্যতা ও বিভ্রান্তিকর উপস্থাপন রয়েছে: সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু অসামঞ্জস্যতা ও বিভ্রান্তিকর উপস্থাপন রয়েছে। তার মতে, খসড়ার কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সঠিকভাবে ব্যাখ্যা দেওয়া হয়নি, যা সমন্বিত প্রক্রিয়ার স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করছে।
রবিবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সালাহউদ্দিন আহমদ বলেন, “জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু অসঙ্গতি লক্ষ্য করেছি। সব কিছু খুঁটিনাটি যাচাই-বাছাই করে আগামী ২০ আগস্টের মধ্যে বিএনপি নিজেদের আনুষ্ঠানিক মতামত জানাবে।”
এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের সমন্বিত খসড়া পাঠায়। খসড়ায় উল্লেখ করা হয়েছে, বিদ্যমান সংবিধান বা অন্য কোনো আইনে ভিন্নতর কিছু থাকলে সেখানে জুলাই সনদের বিধান, প্রস্তাব বা সুপারিশ প্রাধান্য পাবে। এমনকি সনদের বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না বলেও খসড়ায় উল্লেখ রয়েছে।
এছাড়া খসড়ায় রাষ্ট্রের সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন সংক্রান্ত সংস্কার নিয়ে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে, তা অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে সব বিষয়ে সব দলের মত এক নয়। খসড়ায় স্পষ্টভাবে বলা হয়েছে, কিছু সুপারিশে কিছু রাজনৈতিক দল আপত্তি জানিয়েছে এবং পূর্ণ সমঝোতায় আসা যায়নি।