রাজনীতি

আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: ডা. জাহিদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৮ পিএম

আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: ডা. জাহিদ
তারেক রহমান ও ডা. এ জেড এম জাহিদ। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ডা. জাহিদ বলেন, “তারেক রহমানের নেতৃত্বেই নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করা হবে। যারা জনগণের অধিকার কেড়ে নিতে চায়, তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার অপচেষ্টা চালাচ্ছে।” তিনি আরও বলেন, “পতিত স্বৈরাচার আবার মাথা তুলে দাঁড়াতে চাইছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে যারা বিশ্বাস করে না, তারাই নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত।”

এই প্রেক্ষাপটে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ডা. জাহিদ বলেন, “চোখ-কান খোলা রাখুন। চলমান ষড়যন্ত্রগুলো বুঝতে হবে এবং সেগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”

আলোচনার এক পর্যায়ে নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়েও কথা বলেন তিনি। পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি নিয়ে কথা বলার প্রসঙ্গে ডা. জাহিদ বলেন, “সংবিধান ইচ্ছেমতো বদলানোর বিষয় নয়। এটিকে ডাস্টবিনে ফেলে দেওয়া যায় না। আবেগ নয়, বুঝতে হবে জনগণের প্রকৃত আকাঙ্ক্ষা কী।”