রাজনীতি
শুধু আইনকানুন বা সংবিধান পরিবর্তন করে কার্যকর সংস্কার সম্ভব নয়: সালাহউদ্দিন
শুধু আইনকানুন বা সংবিধান পরিবর্তনের মাধ্যমে কার্যকর রাজনৈতিক সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “মনস্তাত্ত্বিক পরিবর্তন ও পারস্পরিক সহনশীলতার ভিত্তিতে রাজনৈতিক সংস্কার বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি, রাজনীতিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখাও অত্যন্ত জরুরি।”
শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর ফুটবল ম্যাচ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, “স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি ঠেকাতে হলে ভালো রাজনৈতিক চর্চা এবং গঠনমূলক আদর্শ প্রতিষ্ঠা ও লালন করতে হবে। গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার মাধ্যমেই এমন একটি পরিবেশ তৈরি করা সম্ভব, যেখানে ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্রের কোনো ঠাঁই থাকবে না।”
তিনি আরও বলেন, “রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হলে নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্য, রাজনৈতিক সহনশীলতা ও জবরদস্তিমূলক মনোভাব পরিহার করতে হবে। রাজনৈতিক কর্মসূচিতে কাউকে বাধা দেওয়া উচিত নয়, বরং সাংস্কৃতিক চর্চার মাধ্যমেও জনমানসে ইতিবাচক প্রভাব ফেলতে হবে।”
অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।