রাজনীতি

সংসদের বাইরে সংবিধান সংশোধন সম্ভব নয়: সালাহউদ্দিন আহমদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৬ পিএম

সংসদের বাইরে সংবিধান সংশোধন সম্ভব নয়: সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান সংশোধন সংসদের বাইরে করা সম্ভব নয়। তিনি বলেন, “জাতির কাছে এমন কোনো নির্দেশ বা প্রতিশ্রুতি দেওয়া ঠিক হবে না যা দু’দিনের মধ্যে কার্যকর নাও হতে পারে। যদি নির্বাচন অনিশ্চয়তার মধ্যে পড়ে, তবে তা আঞ্চলিক ও জাতীয় নিরাপত্তার জন্যও ঝুঁকিপূর্ণ হতে পারে।”

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এই মন্তব্য করেন তিনি। বৈঠকটি অনুষ্ঠিত হয় জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণের উদ্দেশ্যে, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করে। বৈঠক সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠকে বক্তব্যের শুরুতেই সালাহউদ্দিন আহমদ বলেন, “৩১ জুলাইয়ের মধ্যেই সব কিছু সমাপ্ত হওয়ার কথা ছিল। ঐকমত কমিশনের কাজও তখন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়—যদি কোনো আইনি ভিত্তি না থাকে, তবে তারা সনদে স্বাক্ষর করতে পারবে কি না। তখন আমরা বলেছি, আসুন আলোচনার মাধ্যমে এটি আইনি ভিত্তি দেওয়া যায় কিনা দেখাই। পরবর্তী আলোচনায় বিশেষজ্ঞদের মতামতও নেওয়া হয়।”

তিনি আরও বলেন, “আমরা মনে করি, সংবিধানের উপরে কোনো সনদকে স্থান দেওয়া যাবে না। সংবিধান সংশোধনের জন্য যে কোনো এক্সট্রা কনস্টিটিউশনাল পদ্ধতি বা আইনি পথের বাইরে গিয়ে সনদ বাস্তবায়ন করতে চাই না বিএনপি। আমরা চাই, সনদে স্বাক্ষর হয়ে ওয়েবসাইটে প্রকাশিত হোক, তা অনুষ্ঠানিকভাবে স্বীকৃত হোক এবং প্রতিটি রাজনৈতিক দলের ইশতেহারে উল্লেখ থাকুক। এভাবে জাতির কাছে একটি প্রতিশ্রুতি থাকবে। যারা ম্যান্ডেট পাবে, তারা সংসদে গিয়ে এই প্রতিশ্রুতি বাস্তবায়নে বাধ্য থাকবে।”

সালাহউদ্দিন আহমদ বলেন, “গ্যারান্টি কোথায়—এই প্রশ্নের উত্তর দিতে হলে আইনি ভিত্তি থাকা প্রয়োজন। চাইলে অ্যাপিলেট ডিভিশনের পরামর্শও নেওয়া যেতে পারে। ভবিষ্যতে কোনো চ্যালেঞ্জ এলে বলা যাবে যে, বিচার বিভাগের পরামর্শ নেওয়া হয়েছিল।”

তিনি আরও বলেন, “আমরা চাই অনিশ্চয়তা কাটিয়ে উঠুক। সংস্কার, বিচার ও নির্বাচন কখনও একে অপরের সঙ্গে শর্তসাপেক্ষ করা যাবে না। সংস্কার চলমান প্রক্রিয়া, বিচারও চলবে। আমরা নিজেরাই দীর্ঘদিন ধরে অবিচারের শিকার হয়েছি। তবে নির্বাচনের সঙ্গে এগুলোকে যুক্ত করলে তা জাতির জন্য ক্ষতিকর হবে।”

জাতীয় নির্বাচনের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “দেশের নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হতে হবে। যদি এই বিষয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়, তা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে এবং জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে। আমরা চাই না, বাংলাদেশকে এমন অবস্থায় পৌঁছাতে।”