রাজনীতি

আগামী নির্বাচনের অপেক্ষায় বিনিয়োগকারীরা: আমীর খসরু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৬ এএম

আগামী নির্বাচনের অপেক্ষায় বিনিয়োগকারীরা: আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ব্যবসায়ীরা বর্তমানে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে আগামী জাতীয় নির্বাচনের অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। দেড় ঘণ্টাব্যাপী এই বৈঠকে এলডিসি গ্র্যাজুয়েশন, শ্রম আইন সংশোধনসহ ব্যবসায় খাতের নানা ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে আমীর খসরু বলেন, “অর্থনীতি রক্ষার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ভবিষ্যৎ অর্থনীতি ও বিনিয়োগের সম্ভাবনা রক্ষায় এলডিসি উত্তরণ স্থগিত রাখা প্রয়োজন। এ বিষয়ে সরকার জাতিসংঘকে একটি চিঠি দিয়ে পুনর্বিবেচনার অনুরোধ জানাতে পারে।” তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ এখনো এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য প্রস্তুত নয়।

তিনি বলেন, “দেশের অর্থনীতির চালিকাশক্তি যেসব বড় ব্যবসায়ী, তারা সবাই আজ উপস্থিত ছিলেন। তাদের আলোচনায় প্রতীয়মান হয়েছে, এ মুহূর্তে এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়া ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের জন্য সহায়ক নয়। বরং এটি দেশের অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।”

আমীর খসরু জানান, ব্যবসায়ীরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণের জন্য উপস্থাপিত পরিসংখ্যান অনেকাংশে প্রশ্নবিদ্ধ। তাই ভবিষ্যৎ অর্থনীতি ও বিনিয়োগ রক্ষায় বিষয়টি স্থগিত রাখার প্রয়োজনীয়তা রয়েছে।

এ সময় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, “এলডিসি উত্তরণ স্থগিত নয়, বরং অন্তত তিন বছর পিছিয়ে দেওয়া প্রয়োজন। বাংলাদেশ এখনো প্রস্তুত নয়।” শ্রম আইন সংশোধনের প্রসঙ্গে তিনি আরও বলেন, “২০ জন শ্রমিক আবেদন করলেই ট্রেড ইউনিয়ন করা যাবে—এ ধরনের বিধান কার্যকর হলে ইউনিয়নের অপব্যবহার হতে পারে।”

বৈঠকে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, এমসিসিআই সভাপতি কামরান তানভিরুর রহমান, সাবেক সভাপতি তপন চৌধুরী ও নাসিম মনজুর, এফবিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, বিকেএমইএ সভাপতি এম এ হাতেম, বিইএফ সভাপতি ফজলে শামীম এহসান, বিজিএমইএ মহাসচিব রশিদ আহমেদ হোসাইনী, ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদসহ দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে অনুষ্ঠিত এ বৈঠকে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এসএম ফজলুল হকসহ বিএনপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।