রাজনীতি
বিএনপিকে ধ্বংস করতে গিয়ে নিজেই ধ্বংসের পথে আ. লীগ: ড. মঈন খান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধ্বংসের ষড়যন্ত্র করতে গিয়ে আওয়ামী লীগ নিজেরাই ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
সোমবার (২৭ অক্টোবর) নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ড. মঈন খান বলেন, “বিগত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এক লাখেরও বেশি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আওয়ামী লীগ চেয়েছিল বিএনপি ও বিরোধী দলগুলোর ওপর জেল-জুলুম, নির্যাতন ও দমননীতির মাধ্যমে দেশ থেকে বিরোধী কণ্ঠস্বর নিশ্চিহ্ন করে দিতে। কিন্তু তাদের সেই অপচেষ্টা সফল হয়নি। বরং বিএনপি আজ আরও সংগঠিত, আরও দৃঢ়—আর আওয়ামী লীগ নিজের অস্তিত্ব রক্ষায় হিমশিম খাচ্ছে।”
তিনি আরও বলেন, “পৃথিবীর ইতিহাসে কখনও কোনো স্বৈরাচারী শাসক টিকে থাকতে পারেনি। যারা অন্যায় ও নিপীড়নের মাধ্যমে জনগণের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের পরিণতিও হয়েছিল ভয়াবহ। আজ আওয়ামী লীগও সেই একই পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে।”
অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, “আজকের অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলছে, সেই সংস্কার বিএনপি তিন বছর আগেই শুরু করেছে। গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে আমরা ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। বিএনপি সেই সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তাই বিএনপিকে সংস্কার শেখানোর দরকার নেই।”
পলাশ উপজেলা যুবদলের আহ্বায়ক নিছার আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাজী জাহিদ হোসেন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।
আলোচনা সভায় বক্তারা সরকারের দমননীতি, গণগ্রেফতার ও বিরোধী মত দমনের নিন্দা জানিয়ে অবিলম্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।