রাজনীতি

২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমেদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:১৭ পিএম

২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমেদ
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর দেশে ফেরার পর আগামী ২৭ ডিসেম্বর ভোটার হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সোমবার (২২ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে পৌঁছাবেন। এরপর দুই দিন পর, অর্থাৎ ২৭ ডিসেম্বর তিনি ভোটার হবেন।”

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর এই মন্তব্য করেন সালাহউদ্দিন আহমেদ। বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া। ইসির সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন সচিব আখতার আহমেদ ও ইসি আব্দুর রহমানেল মাছউদ।

বৈঠকে মনোনয়ন পত্র সংক্রান্ত কিছু বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সালাহউদ্দিন। তিনি বলেন, “নির্বাচনের পরিবেশ সুষ্ঠু করার দায়িত্ব সরকারের। আমরা চাই নির্বাচনের পরিবেশ উন্নত হোক এবং আশা করছি পরিস্থিতি ধাপে ধাপে আরও ভালো হবে।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ইসির নিয়ম অনুযায়ী, ৩১ অক্টোবরের মধ্যে যারা ভোটার তালিকাভুক্ত হয়েছেন, কেবল তারাই এই নির্বাচনে ভোট দিতে পারবেন। তবে বিশেষ ক্ষেত্রে ইসি ভোটার বা প্রার্থী হিসেবে নতুন নিবন্ধনের সুযোগ দিতে পারে।

তারেক রহমান দীর্ঘদিনের নির্বাসনের সময়ে ভোটার ছিলেন না। ২০০৮ সালে কারামুক্তির পর চিকিৎসার জন্য লন্ডন যান। এরপর দেশে না ফেরায় জাতীয় পরিচয়পত্র পাননি। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপির স্থায়ী কমিটি তারেককে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করে।

গত ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর রাষ্ট্রপতি খালেদা জিয়াকে মুক্তি দেন এবং উচ্চ আদালতও দুর্নীতির অভিযোগ থেকে খালাস দেন। এর পর বিভিন্ন মামলায় তারেকও খালাস পান। এর ফলে দেশে ফেরার পথ সুগম হয়।

বিএনপি ত্রয়োদশ সংসদ নির্বাচনের আংশিক প্রার্থী তালিকা ঘোষণার পর জানা যায়, বগুড়া-৬ আসনে প্রথমবারের মতো ভোট দেবেন তারেক রহমান।

গত ১২ ডিসেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দেন, তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে আসবেন। দেশে ফেরার জন্য প্রয়োজনীয় ট্রাভেল পাসও একদিনে লন্ডন থেকে বাংলাদেশ হাইকমিশন থেকে পেয়েছেন তিনি।