রাজনীতি

জামায়াতের এমন কিছু বলা উচিত নয়, যা তাদের ঈমানকে পরীক্ষায় ফেলে: নজরুল ইসলাম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১০:০০ পিএম

জামায়াতের এমন কিছু বলা উচিত নয়, যা তাদের ঈমানকে পরীক্ষায় ফেলে: নজরুল ইসলাম
নজরুল ইসলাম খান। ছবি: সংগৃহীত

জামায়াত নেতাদের বক্তব্যে অহংকারের ইঙ্গিত থাকলে তা তাদের ঈমানের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে- এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, আল্লাহ তায়ালা দম্ভ ও অহংকার অপছন্দ করেন। অথচ জামায়াতের কিছু নেতা দাবি করছেন, ঢাকায় তারা কাউকে একটি আসনও ছাড়বেন না- এ ধরনের বক্তব্য অহংকারেরই বহিঃপ্রকাশ।

রোববার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ঢাকা-১৭ আসনে জামায়াত প্রার্থীর বক্তব্য শুনে প্রশ্ন জাগে—আসন দেওয়ার মালিক আসলে কে? তিনি বলেন, “আসন দেওয়ার মালিক তো আল্লাহ। তাহলে কে কোন ক্ষমতায় বলছে ঢাকায় আর কেউ আসন পাবে না?” তিনি আরও স্মরণ করিয়ে দেন, ১৯৯১ সালে বিএনপি ঢাকার সব আসন পেলেও তারা কখনো দাবি করেননি যে অন্য কেউ আসন পাবে না।

তিনি বলেন, নির্বাচন একটি অনিশ্চিত প্রক্রিয়া। আল্লাহ যাকে সহায়তা করবেন, জনগণ তাকেই সমর্থন দেবে। অথচ যারা অতীতে ঢাকায় কখনো আসনই পায়নি, তারাই আজ এমন দাবি করছে এটা কি দম্ভ নয়?

পোস্টাল ব্যালট প্রসঙ্গে নজরুল ইসলাম খান অভিযোগ করেন, ব্যালট পেপারে প্রতীক বিন্যাসে কারসাজি করা হয়েছে। তিনি বলেন, শুরুতে দাঁড়িপাল্লা, শাপলা কলি ও হাতপাখার প্রতীক রাখা হয়েছে, এরপর ধানের শীষ এমন জায়গায় বসানো হয়েছে যে ব্যালট ভাঁজ করলে তা ঢেকে যায়। এ বিষয়ে নির্বাচন কমিশনে আপত্তি জানালে কমিশন দায় এড়িয়ে অফিসের কর্মচারীদের ওপর দোষ চাপিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

দ্বৈত নাগরিকত্ব প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশন এ বিষয়ে দুর্বল ভূমিকা পালন করছে। সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী, জন্মসূত্রে বাংলাদেশি কোনো নাগরিক বিদেশি নাগরিকত্ব পরিত্যাগ করলে নির্বাচনে অংশ নিতে তার কোনো বাধা নেই। কোথাও বলা হয়নি, সেই পরিত্যাগ সংশ্লিষ্ট দেশ গ্রহণ করেছে কি না—তা প্রমাণ করতে হবে। একইভাবে আরপিও অনুযায়ী হলফনামায় শুধু দ্বৈত নাগরিকত্ব আছে কি না, সেটাই জানতে চাওয়া হয়েছে—আবেদন গ্রহণ করা হয়েছে কি না, তা নয়।