রাজনীতি
মহানবীর শুভাগমনে দুনিয়ায় রহমতের দ্বার উন্মোচিত হয়েছে: রিজভী
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমনে সারা বিশ্বে রহমতের অবারিত দ্বার উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।
মঙ্গলবার (২৫ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবীর দিনে বিশ্বজগতে সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ঘটে। সততা, নম্রতা, উদারতা ও ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধা এবং মহানবীর প্রদর্শিত পথে চলার শিক্ষা এই দিনটিকে অনন্য মর্যাদা দিয়েছে।
তিনি পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে বিশ্বমানবতার জন্য এক অনন্য আলোকবর্তিকা উল্লেখ করে রিজভী বলেন, তাঁর কালজয়ী মূল্যবোধ, মানবতা, সহমর্মিতা, উদারতা ও মানুষের প্রতি সহানুভূতি মানবজাতির জন্য চিরন্তন শিক্ষা হয়ে থাকবে।
তিনি বলেন, কৈশোর থেকেই মহানবী মিথ্যা ও অন্যায়ের বিরুদ্ধে ছিলেন আপসহীন। তিনি কখনো আমানতের খেয়ানত করেননি এবং অন্যের উপকার করাকে নিজের কর্তব্য হিসেবে গ্রহণ করেছিলেন।
রিজভী আরও বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর আল্লাহ তায়ালা পবিত্র মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেন। কোরআন মানবজাতির পথপ্রদর্শক হিসেবে ইহকাল ও পরকালের মুক্তির দিকনির্দেশনা দিয়েছে।
মহানবীর জীবন ও কর্ম অনুসরণের মাধ্যমে মুসলমানরা শৃঙ্খলিত জীবনের মুক্তি, মানবতা প্রতিষ্ঠা এবং নিজেদের জীবনকে কল্যাণ ও সুন্দর পথে পরিচালনার অনুপ্রেরণা পেয়ে থাকে বলেও মন্তব্য করেন তিনি।