রাজনীতি

ফেসবুকের বিরুদ্ধে থানায় জিডি করলেন মামুনুল হক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ০৫:৩২ পিএম

ফেসবুকের বিরুদ্ধে থানায় জিডি করলেন মামুনুল হক
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘একপাক্ষিক, অগণতান্ত্রিক ও বৈষম্যমূলক আচরণের’ অভিযোগ করেছেন।

তার দাবি, পরিকল্পিতভাবে তার ব্যক্তিগত ফেসবুক আইডি ও অফিসিয়াল পেজ বারবার রিমুভ ও সাসপেন্ড করা হচ্ছে। শুধু তাই নয়, তার নাম, বক্তব্য বা ছবি প্রকাশ করা মাত্রই দলীয় পেজ, গণমাধ্যম এবং ব্যক্তিগত অ্যাকাউন্টগুলোও অযৌক্তিকভাবে রেস্ট্রিকশনের কবলে পড়ছে।

বুধবার (২৭ আগস্ট) দলের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন মামুনুল হক। জিডিতে তিনি উল্লেখ করেন, গত কয়েক মাস ধরে ফেসবুকে তার নাম, বক্তব্য ও ছবি অন্যায়ভাবে রেস্ট্রিকশন ও ব্লক করা হচ্ছে। এর ফলে তার ব্যক্তিগত আইডি facebook.com/mawlanamamunulhaqueofficial  এবং অফিসিয়াল পেজ facebook.com/MaulanaMamunulHaque একাধিকবার বন্ধ হয়ে গেছে। এতে তিনি সামাজিক, পেশাগত ও রাজনৈতিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

তিনি অভিযোগ করেন, একটি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রধান হওয়া সত্ত্বেও পরিকল্পিতভাবে তাকে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অবরুদ্ধ করা হচ্ছে। এটি গণতান্ত্রিক রাজনীতিকে স্তব্ধ করার স্পষ্ট অপচেষ্টা। মামুনুল হক আশা প্রকাশ করেছেন, মেটা কর্তৃপক্ষ বিষয়টি পুনর্বিবেচনা করে সুবিচারপূর্ণ সিদ্ধান্ত নেবে।

বাংলাদেশ খেলাফত মজলিস এক বিবৃতিতে জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কোনও রাজনৈতিক নেতাকে টার্গেট করে বাধাগ্রস্ত করা মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারের ওপর ভয়ঙ্কর আঘাত।