রাজনীতি
ক্ষমতার ভারসাম্যের জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে: আখতার
নির্বাচনের উচ্চ কক্ষে পিআর পদ্ধতি প্রণয়ন করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন ।
তিনি বলেন, ‘যারা পিআর পদ্ধতির নির্বাচন চায় না, তারা জাতির সঙ্গে প্রতারণা করছে। এই প্রতারণা মানুষ আর মেনে নেবে না।’ শনিবার (১৯ জুলাই) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন আখতার হোসেন।
তিনি আরও বলেন, শুধু নির্বাচন দিয়ে গণতন্ত্রকে সুরক্ষা দেয়া সম্ভব নয়, গণতন্ত্রকে সুরক্ষা দিতে হলে নির্বাচনের আগেই মৌলিক সংস্কার করতে হবে এবং ক্ষমতার ভারসাম্যের জন্য উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।
আখতার বলেন, ‘বাংলাদেশের মানুষের ওপরে আওয়ামী লীগ এবং তার দোসররা যে অপরাধ সংগঠিত করেছে, সেটাকে যদি বিচারের আওতায় আনা না হয়, তাহলে চব্বিশের শহীদদের সঙ্গে বেঈমানি করা হবে।’
তিনি বলেন, ‘আর যেন ফ্যাসিবাদ এবং স্বৈরাচার জন্ম নিতে না পারে, এ জন্য আওয়ামী লীগকে অবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ‘এ দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করবে, জুলাই গণঅভ্যুত্থানে এটা আমাদের প্রত্যাশা।’