রাজনীতি

হাসনাত-সারজিসসহ এনসিপির ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০৩:২০ পিএম

হাসনাত-সারজিসসহ এনসিপির ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ
নোটিশ পাওয়া এনসিপির ৫ নেতা। ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

দলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিবসে পার্টির অনুমতি ছাড়া কক্সবাজার সফর করায় হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষ নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে দলীয় নেতৃত্ব।

বুধবার (৬ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দীন সিফাত স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

৫ শীর্ষ নেতা হলেন, এনসিপি মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

নোটিশে বলা হয়, “গত ৫ আগস্ট, জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে, আপনি এবং আরও চারজন কেন্দ্রীয় নেতা ব্যক্তিগতভাবে কক্সবাজার ভ্রমণে গেছেন। এই সফরের বিষয়ে ‘রাজনৈতিক পর্ষদ’কে কোনো ধরনের পূর্ব অবগতিও দেওয়া হয়নি।”

এ ঘটনায় ‘দলীয় শৃঙ্খলা ও নীতিমালার লঙ্ঘন’ হয়েছে উল্লেখ করে নোটিশে বলা হয়, “এই সিদ্ধান্তের পেছনের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।”

এ বিষয়ে এখন পর্যন্ত অভিযুক্ত নেতাদের কেউ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি।