রাজনীতি

অন্তর্বর্তী সরকারের সব ব্যর্থতার দায় এনসিপিকে নিতে হচ্ছে: হাসনাত আবদুল্লাহ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৫ পিএম

অন্তর্বর্তী সরকারের সব ব্যর্থতার দায় এনসিপিকে নিতে হচ্ছে: হাসনাত আবদুল্লাহ
হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপিসহ অন্য দলের অংশ থাকা সত্ত্বেও অন্তর্বর্তী সরকারের সব ব্যর্থতা ও সীমাবদ্ধতার দায় নিতে হচ্ছে তার দলকে। তিনি অভিযোগ করেন, ব্যবসায়ীদের কাছে রাজনীতি এখন ‘বন্দি’ হয়ে গেছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তা’র তৃতীয় সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, “মানুষ আমাদের কাছে নতুনত্ব আশা করে। অথচ মিডিয়া ও সেনাবাহিনীর একটি অংশ বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমরা সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে একপ্রকার একাই লড়ছি। আমরা সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলতে শিখেছি।”

তিনি দাবি করেন, মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এনসিপির নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে। এর উদাহরণ হিসেবে তিনি ৫ আগস্ট কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠককে কেন্দ্র করে প্রচারিত সংবাদকে উল্লেখ করেন।

“আমরা মিডিয়ার বিরোধিতা করি না, বরং চাই গণমাধ্যম বস্তুনিষ্ঠ হোক” বলেন এনসিপি এই নেতা।

রাজনীতিতে ব্যবসায়ীদের আধিপত্যের সমালোচনা করে তিনি বলেন, “রাজনীতি এখন ব্যবসায়ীদের কাছে বন্দি হয়ে পড়েছে। অথচ রাজনীতি রাজনীতিবিদদের হাতে থাকাই শ্রেয়।”

নিজেদের সীমাবদ্ধতা ও ভুলের কথা স্বীকার করে তিনি বলেন, “আমরা ভুল করলে তা পর্যালোচনা করি, সংশোধন করি। আপনারা আমাদের পরামর্শ দিন, আমরা বাংলাদেশপন্থী রাজনীতিই করবো।”