রাজনীতি

বিচারের মাধ্যমেই আওয়ামী লীগের বিষয়ে ফয়সালা করতে হবে : নাহিদ ইসলাম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৪ পিএম

বিচারের মাধ্যমেই আওয়ামী লীগের বিষয়ে ফয়সালা করতে হবে : নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাহী আদেশে দলকে নিষিদ্ধ করা কোনো স্থায়ী সমাধান নয়, বরং বিচারের মাধ্যমে তাদের বিষয়ে স্থায়ী ফয়সালা করতে হবে।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। এর আগে সকালে ট্রাইব্যুনালে ৪৭তম সাক্ষী হিসেবে তাকে জেরা করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। জেরা শেষে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সাংবাদিকদের সামনে বক্তব্য দেন।

নাহিদ ইসলাম বলেন, “অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়ে আওয়ামী লীগকে ট্যাকেল দেওয়া যাবে না। দলটিকে বিচারের আওতায় এনে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি ফ্যাসিবাদের সহযোগীদেরও বিচারের মুখোমুখি করা জরুরি।”

তিনি আরও দাবি করেন, আদালতের কাছে পর্যাপ্ত তথ্যপ্রমাণ এসেছে। শেখ হাসিনা রাজনৈতিকভাবে ক্ষমতা নিরঙ্কুশ করতে এবং ক্ষমতায় টিকে থাকতে জনগণকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। জনগণই প্রতিরোধ গড়ে তুলে তাকে ক্ষমতাচ্যুত করেছে। তাই এই অপরাধ দলগতভাবে আওয়ামী লীগের নামে লিখিত হওয়া উচিত।

গত বছরের জুলাই-আগস্টের আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ইতিহাসে লিপিবদ্ধ হয়ে থাকবে বলেও মন্তব্য করেন নাহিদ।

জেরার সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আমির হোসেন তাকে প্রশ্ন করেন, গত বছরের ৫ আগস্ট তার ওপর চালানো অত্যাচারের বিষয়ে তিনি কোনো মামলা করেছেন কি না। জবাবে নাহিদ বলেন, “আমাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, তা শুধু ব্যক্তিগতভাবে আমার নয়; পুরো জনগোষ্ঠীর বিরুদ্ধে অন্যায় হিসেবে বিবেচিত হবে। তাই ব্যক্তিগত মামলা করিনি। তবে গুমের ঘটনায় গুম কমিশনে আলাদা অভিযোগ জমা দিয়েছি।”

এর আগে, গত ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সোয়া ১১টা থেকে ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন নাহিদ ইসলাম। দুপুরে সাক্ষ্যগ্রহণ শেষে বিরতি দেওয়া হয়। বিরতির পর বিকেল ৪টা পর্যন্ত তাকে জেরা করেন স্টেট ডিফেন্সের আইনজীবীরা। সেদিন জেরা শেষ না হওয়ায় আজ অবশিষ্ট জেরা সম্পন্ন হয়।