রাজনীতি

রাড্ডা ক্লিনিক দখল করতে দেওয়া হবে না, ধ্বংসস্তূপেই চলবে চিকিৎসা: আসিফ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পিএম

রাড্ডা ক্লিনিক দখল করতে দেওয়া হবে না, ধ্বংসস্তূপেই চলবে চিকিৎসা: আসিফ
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং স্বাস্থ্যকেন্দ্রটি পুনর্নির্মাণ করে আবারও স্বাস্থ্যসেবা চালুর দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার দুপুরে নেতাকর্মীদের নিয়ে রাড্ডা এমসিএইচ এফপি সেন্টার পরিদর্শন করেন আসিফ মাহমুদ। এ সময় তিনি হামলা ও লুটপাটে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন। ধ্বংসস্তূপের মধ্যেও চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন তিনি।

স্বাস্থ্যকেন্দ্রের সামনে দখলদারদের টানানো সমমনা দোকানদার সমিতির সাইনবোর্ডও এনসিপির নেতাকর্মীরা অপসারণ করেন।

পরিদর্শন শেষে আসিফ মাহমুদ বলেন, দীর্ঘদিন ধরে মা ও শিশুদের চিকিৎসা, টিকাদানসহ গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা দিয়ে আসা একটি প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। স্বাস্থ্যকেন্দ্র থেকে ওষুধ, টিকা, ইনজেকশন ও চিকিৎসা সরঞ্জামও লুট করে নিয়ে যাওয়া হয়েছে। জনগণের স্বাস্থ্যসেবার একটি প্রতিষ্ঠানে এ ধরনের ধ্বংসযজ্ঞ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি অভিযোগ করেন, ঘটনাটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। তার দাবি, বিএনপির সংসদ সদস্য, সিটি করপোরেশনের প্রশাসক ও স্থানীয় পুলিশের সংশ্লিষ্টতার মাধ্যমে সংঘবদ্ধভাবে এই অপরাধ সংঘটিত হয়েছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লুটপাট হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, ঘটনার সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও ভাঙচুর শুরু হওয়ার পর সেখান থেকে চলে যায়। পরে ঘটনা শেষ হলে পুলিশ সেখানে পরিদর্শনে আসে। এ ঘটনায় জড়িতদের পাশাপাশি দায়িত্বে অবহেলা করা ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, দ্রুত বিচার ও ব্যবস্থা নেওয়া না হলে এর দায় সংশ্লিষ্ট সবার ওপর বর্তাবে।

রাড্ডা ক্লিনিক দখল করতে দেওয়া হবে না উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, ধ্বংসস্তূপের মধ্যেই মা ও শিশুদের চিকিৎসা দেবেন স্বাস্থ্যকর্মীরা।

সরকারের প্রতি দ্রুত নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের পূর্ণাঙ্গ তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ক্ষয়ক্ষতির যথাযথ মূল্যায়ন করে স্বাস্থ্যকেন্দ্রটি পুনর্নির্মাণ এবং সেখানে দ্রুত স্বাস্থ্যসেবা কার্যক্রম চালুর দাবি জানান আসিফ মাহমুদ।