রাজনীতি
স্ত্রীকে ‘পাগল সাজানোর’ মামলায় আ. লীগ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সন্তানকে নিজের কাছে নেওয়ার উদ্দেশ্যে জাল-জালিয়াতির মাধ্যমে স্ত্রীকে ‘পাগল সাজানোর’ মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক আহসান হাবিব ভূঁইয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
রবিবার (০৫ এপ্রিল) আদালতে হাজির না হওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী রিদওয়ান হোসেন রবিন জানান, ‘সন্তানকে কেড়ে নিতে জাল-জালিয়াতির মাধ্যমে স্ত্রীকে পাগল সাজানোর’ অভিযোগে গত বছরের ১৬ অক্টোবর আহসান হাবিবের বিরুদ্ধে মামলা করেন তার শ্বশুর। আদালত অভিযোগটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেয়। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে সিআইডি আদালতে প্রতিবেদন জমা দেয়। এরপর আদালত আসামিকে হাজির হতে সমন জারি করে।
আইনজীবী আরও জানান, নির্ধারিত দিনে আদালতে হাজির না হওয়ায় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, আয়েশা আতিকের সঙ্গে পরিবারের অগোচরে বিয়ে করেন আহসান হাবিব। ২০২৪ সালের এপ্রিলে আয়েশা অন্তঃসত্ত্বা হন এবং পরবর্তীতে স্বামীর পরিবারের সঙ্গে বসবাস শুরু করেন। গত বছরের ১২ অক্টোবর সন্তান প্রসবের জন্য তারা ব্যাংককে যান। ১ জানুয়ারি তাদের পুত্র সন্তানের জন্ম হয় এবং ১২ জানুয়ারি তারা ঢাকায় ফেরেন।
অভিযোগে আরও বলা হয়েছে, দেশে ফেরার পর আয়েশার ওপর মানসিক নির্যাতন শুরু হয়। একপর্যায়ে তাকে দুগ্ধপোষ্য সন্তান রেখে চলে যেতে বলা হয় এবং পরে সন্তানসহ তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়। আয়েশাকে ‘পাগল প্রমাণ’ করে সন্তানের কাস্টডি নিতে জাল কাগজপত্র তৈরি করা হয়। এমনকি মনোবিদের সার্টিফিকেট সংগ্রহেও জালিয়াতির আশ্রয় নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় আয়েশার বাবা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহ আতিকুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
তবে মামলার অন্য দুই আসামি- রিপন ও সাইফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি সিআইডি।