রাজনীতি

নির্বাচনী হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি নিপুণ রায়ের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পিএম

নির্বাচনী হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি নিপুণ রায়ের
ছবিঃ সংগৃহিত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায় চৌধুরী তার নির্বাচনী হলফনামায় বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার থাকার কথা উল্লেখ করেছেন। দাখিলকৃত নথিপত্র অনুযায়ী, তার নিজের নামে রয়েছে ৫০২ ভরি সোনা এবং অন্যান্য মূল্যবান ধাতুর অলঙ্কার। এছাড়াও তার স্বামী অমিতাভ রায়ের নামে আরও ১০০ ভরি সোনা রয়েছে। 

তবে হলফনামায় এসব অলঙ্কারের কোনো ক্রয়মূল্য উল্লেখ করা হয়নি। পরিবর্তে তিনি জানান যে, এসব অলঙ্কার তিনি 'উপহার' হিসেবে পেয়েছেন। 

৩৯ বছর বয়সী নিপুণ রায় চৌধুরী পেশায় একজন আইনজীবী এবং বর্তমানে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তার আয়ের প্রধান উৎস ওকালতি এবং বিভিন্ন বিনিয়োগ।

এদিকে হলফনামার তথ্য অনুযায়ী, তিনি পেশা থেকে বছরে প্রায় ২৬ লাখ টাকা এবং শেয়ার ও ব্যাংক আমানত থেকে আরও সাড়ে ৪ লাখ টাকা আয় করেন।বিনিয়োগ ও সম্পদের বর্ণনায় উল্লেখ করেছেন, তার নামে ১ কোটি ১৩ লাখ টাকার স্থায়ী আমানত (এফডিআর) রয়েছে ও মালিকানাধীন দুটি গাড়ির ক্রয়মূল্য দেখানো হয়েছে ১ কোটি ১১ লাখ টাকা। 

হলফনামা অনুযায়ী, নিপুণ রায়ের অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ১০ কোটি ৫ লাখ টাকা এবং তার স্বামীর অস্থাবর সম্পদ সাড়ে ৩ কোটি টাকার বেশি। স্থাবর সম্পদের মধ্যে ৮৫ লাখ ২০ হাজার টাকায় কেনা একটি ফ্ল্যাটের কথা উল্লেখ থাকলেও এর ফ্ল্যাটের অবস্থান সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।

অন্যদিকে নিপুণ রায়ের বর্তমানে প্রায় ১ কোটি ১৯ লাখ টাকার ঋণ রয়েছে। দম্পতির হাতে নগদ টাকা রয়েছে প্রায় ৭৬ লাখ, যার মধ্যে ১৩ লাখ ২৯ হাজার টাকা তার নিজের।  

নির্বাচনী হলফনামার উল্লেখযোগ্য একটি দিক হলো, ২০২৫ সালে তিনি ২৩টি মামলায় অব্যাহতি, খালাস বা চূড়ান্ত প্রতিবেদন পেয়েছেন।

রাজনৈতিক পরিচয় ও পারিবারিক ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে উল্লেখ করেন যে, নিপুণ রায় চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান ও মন্ত্রী নিতাই রায় চৌধুরীর মেয়ে এবং দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ। 

উল্লেখ্য, ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য চূড়ান্ত করার আনুষ্ঠানিকতা এখনো চলছে। ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে গত বুধবার (২২ এপ্রিল) ও বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত বাছাইয়ে বিএনপি নেতৃত্বাধীন জোটের ৩৬ জন, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের ১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।