রাজনীতি
গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদ ইসলামের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলে পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে দ্রব্যমূল্য ও জ্বালানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে রাজধানীর মানুষকে রাজপথে নামার আহ্বান জানান তিনি।
গতকাল শুক্রবার (৩১ জুলাই) রাতে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে হামলায় আহত আলিফ চৌধুরীকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত গ্যাসের দাম ১৬ টাকা থেকে ২৫ টাকা এবং সিএনজির গ্যাসের দাম ৪২ টাকা থেকে ৬৫ টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে শিল্প উৎপাদন ব্যাহত হবে, দ্রব্যমূল্য আরও বাড়বে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাবে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, “গ্যাসের দাম বাড়ানো হলে আমরা অবশ্যই পেট্রোবাংলা ঘেরাও করব। ঢাকা শহরের মানুষও দ্রব্যমূল্য ও জ্বালানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে রাস্তায় নেমে আসবে।”
সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, দেশের ৭০ শতাংশ মানুষের রায় উপেক্ষা করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। দমন-পীড়নের মাধ্যমে পাঁচ বছর পার করার সুযোগ দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
হবিগঞ্জে হামলায় আহত কিশোর আলিফের প্রসঙ্গ তুলে তিনি বলেন, চিকিৎসকদের মতে আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং অন্য চোখও ঝুঁকির মধ্যে রয়েছে। এ ঘটনায় সরকার এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ করেন তিনি।
এনসিপি আহ্বায়ক আরও অভিযোগ করেন, দেশে বিনিয়োগ কমছে, শিল্পকারখানা বিদ্যুৎ সংকটে রয়েছে এবং ব্যবসায়ীরা প্রশাসনিক হয়রানি ও চাঁদাবাজির শিকার হচ্ছেন। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় লোক নিয়োগের মাধ্যমে রাষ্ট্রযন্ত্রকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। তিনি জনগণকে সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।