রাজনীতি

বিএনপি ৩১ দফা দেয়, পূরণ করে ৩২ দফা পর্যন্ত: স্বরাষ্ট্রমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৭:৪৯ পিএম

বিএনপি ৩১ দফা দেয়, পূরণ করে ৩২ দফা পর্যন্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবিঃ সংগৃহীত

বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং তা বাস্তবায়ন করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিএনপি ৩১ দফা দেয়, বাস্তবায়ন করে ৩২ দফা পর্যন্ত।
 
আজ শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা অর্থ দেওয়ার বিষয়টি বিএনপির নির্বাচনী ইশতেহারে ছিল না। তাই এটিকে তিনি সরকারের ৩২ নম্বর বাস্তবায়ন হিসেবে উল্লেখ করেন। একইভাবে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়ার উদ্যোগকে ৩৩ নম্বর হিসেবে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, উৎপাদনমুখী শিক্ষা এবং শিক্ষার্থীদের কর্মমুখী করে গড়ে তুলতে জিয়াউর রহমানের সময়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল। কারিগরি শিক্ষাসহ বিভিন্ন কার্যক্রমও তখন শুরু হয়।

খালেদা জিয়ার সময়ে শিক্ষকদের অবসরকালীন সুবিধা চালুর কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, শিক্ষক কল্যাণ ট্রাস্টের পাশাপাশি অবসরপ্রাপ্ত শিক্ষকরা পাঁচ থেকে সাত লাখ টাকা পর্যন্ত অবসর সুবিধা পাবেন।

তিনি আরও বলেন, ডিজিটাল ব্যবস্থায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের অর্থ সরাসরি তাদের ব্যাংক হিসাবে পৌঁছে যাচ্ছে। ফলে টাকা পেতে কাউকে কোনো ধরনের উৎকোচ দিতে হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর কী কী বাস্তবায়ন করেছে—এমন প্রশ্ন যারা করছেন, তাদের এসব কার্যক্রম দেখার আহ্বান জানান তিনি।