রাজনীতি
বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: রিজভী
বিএনপির নাম ব্যবহার করে কেউ অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বর্তমান সময়ে দলের শৃঙ্খলা বজায় রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ক্ষমতায় আসার পর বিএনপি সরকার জনগণের কল্যাণে কাজ করছে। একই সঙ্গে দল ও জনগণের জন্যও কাজ করা হচ্ছে। তাঁর দাবি, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের জনপ্রিয়তা এরই মধ্যে জনগণের মধ্যে অনেক বেড়েছে।
বিএনপিকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, হাজারো ষড়যন্ত্র মোকাবিলা করেই বিএনপি সামনে এগিয়ে যাচ্ছে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাইয়ের দায়িত্ব স্থানীয় পর্যায়ের নেতাদের ওপর থাকবে বলেও জানান তিনি। দলীয় প্রতীক না থাকায় এ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীদের জয়লাভের সম্ভাবনা রয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেন রিজভী।
তিনি আরও বলেন, দলের নাম ভাঙিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অনিয়ম কিংবা অপকর্মে জড়ালে তাদের ছাড় দেওয়া হবে না। দলীয় শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।