রাজনীতি

জাতীয় ঐক্যে বিভাজন দেখা দিয়েছে, নির্বাচন না-ও হতে পারে: আশঙ্কা নুরের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১০:০০ পিএম

জাতীয় ঐক্যে বিভাজন দেখা দিয়েছে, নির্বাচন না-ও হতে পারে: আশঙ্কা নুরের
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

জাতীয় ঐক্য নিয়ে বিভাজনের ইঙ্গিত দিয়ে সময়মতো নির্বাচন না হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেছেন, “জাতীয় ঐক্য গঠনের কথা বলা হলেও সেখানে এখন দখলবাজি, চাঁদাবাজি আর বিভাজনের রাজনীতি চলছে। এতে করে আবারও ফ্যাসিবাদের উত্থানের সুযোগ তৈরি হতে পারে।”

শুক্রবার (১৫ আগস্ট) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার পৌরমুক্ত মঞ্চ মাঠে জেলা গণঅধিকার পরিষদের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নুর বলেন, “জুলাই সনদের আলোকে আমরা যে প্রত্যাশা করেছিলাম, সে অনুযায়ী সংসদ গঠনের কোনো অগ্রগতি আমরা দেখছি না। বরং এখন তার আইনি ভিত্তি দিতে গিয়েও গড়িমসি করা হচ্ছে। আগামী নির্বাচন অবশ্যই রাজনৈতিক সমঝোতা ও জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থায় হতে হবে, যেখানে উচ্চকক্ষে সকল দলের আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত থাকবে।”

তিনি আরও বলেন, “আমরা যখন বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই করেছি, তখন একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির স্বপ্ন দেখেছিলাম। কিন্তু সেই স্বপ্ন আজও বাস্তবায়ন হয়নি। বরং দিন দিন সেই আন্দোলনের মৌলিক চেতনা থেকে সরে যাওয়া দেখা যাচ্ছে।”

সরকারের প্রতি সংস্কারমূলক দাবি জানিয়ে নুর বলেন, “বিভাগীয় পর্যায়ে মানসম্মত চিকিৎসা ও সার্বজনীন স্বাস্থ্যবীমা, জেলা পর্যায়ে উন্নত শিক্ষা ব্যবস্থা, কৃষকের ন্যায্যমূল্যে পণ্যের নিশ্চয়তা, চাঁদাবাজি-সিন্ডিকেট দমন এবং একটি নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপু। প্রধান বক্তা ছিলেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, যুব অধিকার পরিষদের সভাপতি মুঞ্জুর মোরশেদ, জেলা সাধারণ সম্পাদক রাজিউর ইসলাম তানভীর, সহ-সভাপতি হাসানুজ্জামান ওবায়দুল্লাহ, জিহাদ হোসেন লিটনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।