প্রবাস
কুয়ালালামপুরে এক রাতে ৩৭৭ বাংলাদেশিসহ ৭৭০ অবৈধ অভিবাসী আটক
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিশেষ অভিযানে এক রাতে ৭৭০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটককৃতদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি—মোট ৩৭৭ জন। এছাড়া মিয়ানমারের ২৩৫ জন, ভারতের ৫৮ জন, নেপালের ৭২ জন, ইন্দোনেশিয়ার ১৯ জন এবং অন্যান্য দেশের ৯ জন নাগরিক রয়েছেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় পর্যটনকেন্দ্রিক এলাকা বুকিত বিনতাংয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন ১০৬ জন ইমিগ্রেশন কর্মকর্তা। তারা সন্ধ্যা সাড়ে ৭টা থেকে গভীর রাত পর্যন্ত পুরো এলাকা ঘিরে রাখেন। অভিযানের সময় ২ হাজার ৪৪৫ জনকে তল্লাশি করা হয়, যাদের মধ্যে ১ হাজার ৬০০ জন বিদেশি এবং ৮৪৫ জন স্থানীয় নাগরিক ছিলেন।
ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক বাসরি ওথমান জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযোগ ছিল, বুকিত বিনতাং এলাকায় দীর্ঘদিন ধরে বিদেশি নাগরিকরা অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল। বৈধ কাগজপত্র ছাড়া বসবাস, মেয়াদোত্তীর্ণ ভিসা, ভিসার অপব্যবহারসহ নানা কারণে তাদের আটক করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযানের সময় কয়েকজন দোকানে লুকানোর চেষ্টা করেন এবং কেউ কেউ ভবনের ছাদে উঠে যান। তবে পুরো এলাকা ঘিরে রাখায় শেষ পর্যন্ত সবাই ধরা পড়ে।
অভিযানে একটি অবৈধ জুয়ার কেন্দ্রও শনাক্ত করা হয়, যেখানে আধুনিক সিসিটিভি নিয়ন্ত্রিত ব্যবস্থা ছিল। সেখান থেকে আটজন বিদেশিকে জুয়ারত অবস্থায় আটক করা হয়।
আটককৃতদের সবাইকে পুত্রাজায়া ইমিগ্রেশন অফিসে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ৬(৩), ১৫(৪) এবং প্রবিধান ৩৯(বি) অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন।
বাসরি ওথমান বলেন, “এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পরিদর্শন চালানো হবে, যেন নিয়োগকর্তারা অনুমোদিত বিদেশি কর্মী কোটা মেনে চলেন।”