প্রবাস

পোস্টাল ভোট বিডিতে নিবন্ধন ছাড়াল ১২ লাখ, প্রবাসী ভোটে নতুন সম্ভাবনা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১০:০৬ এএম

পোস্টাল ভোট বিডিতে নিবন্ধন ছাড়াল ১২ লাখ, প্রবাসী ভোটে নতুন সম্ভাবনা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশ ও বিদেশ থেকে ভোটাধিকার প্রয়োগের জন্য চালু হওয়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন মোট ১২ লাখ ৫৫ হাজার ৮৫ জন ভোটার। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, এদের মধ্যে বাংলাদেশ থেকে নিবন্ধন করেছেন ৫ লাখ ৫০ হাজার ৩৭৭ জন এবং বাকি নিবন্ধন এসেছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে।

নিবন্ধিত ভোটারদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১০ লাখ ৮১ হাজার ৩৮০ জন এবং নারী ভোটার ১ লাখ ৭৩ হাজার ৭০৩ জন। নির্ধারিত সময় অনুযায়ী সংশ্লিষ্ট প্রবাসী ভোটারদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠাবে নির্বাচন কমিশন। ভোটাররা ব্যালটে ভোট প্রদান করে তা নির্ধারিত খামে করে রিটার্নিং কর্মকর্তার কাছে ফেরত পাঠাবেন।

শনিবার সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত ইসির ওয়েবসাইটে হালনাগাদ তথ্য থেকে এসব তথ্য জানা গেছে। এবারই প্রথমবারের মতো তথ্যপ্রযুক্তিনির্ভর (আইটি সাপোর্টেড) পোস্টাল ব্যালট ব্যবস্থায় ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এই ব্যবস্থায় প্রবাসী বাংলাদেশি, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এজন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।

ইসি সূত্র জানায়, গত ১৯ নভেম্বর থেকে অ্যাপে নিবন্ধন কার্যক্রম শুরু হয়, যা চলবে আগামী ৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। এর আগে নিবন্ধনের শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর। তবে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টার পর আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নিবন্ধনের সময়সীমা বাড়ানোর ঘোষণা দেয় নির্বাচন কমিশন।

বর্তমানে যেসব দেশে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন কার্যক্রম চলছে, সেগুলোর মধ্যে রয়েছে—দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, মিসর, লিবিয়া, মরিশাস, ব্রাজিল, নাইজেরিয়া, কেনিয়া, মরক্কো, তানজানিয়া, ঘানা, আর্জেন্টিনা, তাইওয়ানসহ ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও আমেরিকা মহাদেশের বহু দেশ।

নির্বাচন কমিশন জানিয়েছে, নিবন্ধন সম্পন্নকারী ভোটারদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোটাররা নির্ধারিত নিয়ম অনুযায়ী ভোট দিয়ে ব্যালট ফেরত পাঠালে তা গণনার আওতায় আনা হবে।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এই নির্বাচনে প্রায় ৫০ লাখ প্রবাসী ভোটারকে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করার লক্ষ্যে কাজ করছে সংস্থাটি। পোস্টাল ব্যালট ব্যবস্থা প্রবাসী ভোটে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছে ইসি।