প্রবাস

যুদ্ধের মধ্যেও জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যে ফিরছেন বাংলাদেশি শ্রমিকরা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৮:২২ এএম

যুদ্ধের মধ্যেও জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যে ফিরছেন বাংলাদেশি শ্রমিকরা
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও জীবিকার তাগিদে আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি প্রবাসী শ্রমিকরা। সংঘাতের কারণে অনেক বিদেশি নাগরিক নিরাপদ আশ্রয়ের খোঁজে অঞ্চল ত্যাগ করলেও বাংলাদেশি শ্রমিকদের অনেকেই বলছেন, পরিবারের দায়িত্ব ও উপার্জনের প্রয়োজনেই তাদের কাজে ফিরে যেতে হচ্ছে।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গেছে, বিদেশগামী ফ্লাইটে ওঠার আগে অনেক শ্রমিক পরিবারের সদস্যদের সঙ্গে আবেগঘন বিদায় নিচ্ছেন। কেউ স্ত্রীকে জড়িয়ে ধরছেন, কেউ আবার বাবা-মা বা ভাই-বোনের কাছ থেকে অশ্রুসজল চোখে বিদায় নিচ্ছেন।

২৮ বছর বয়সী মোহাম্মদ সাকিব সৌদি আরবে ফিরে যাচ্ছেন। নতুন স্ত্রী ও পরিবারের সদস্যদের রেখে যাওয়ার সময় তিনি বলেন, “ফিরে যাওয়ার সময় ভয় লাগা স্বাভাবিক। সামনে কী আছে, কেউ জানে না।” তিনি গত চার বছর ধরে সৌদি আরবে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করছেন। বিয়ের ছুটিতে দেশে থাকার সময়ই মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়।

বিদায়ের মুহূর্তে ছোট ভাই মনিরুল ইসলাম তাকে জড়িয়ে ধরে বিদায় জানান। পরিবারকে ছেড়ে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই কর্মস্থলে ফেরার এই দৃশ্য বিমানবন্দরে অনেকের চোখে জল এনে দেয়।

পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে প্রায় ৭০ লাখ বাংলাদেশি বিদেশে কর্মরত আছেন। তাদের একটি বড় অংশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করছেন। এর মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ শ্রমিক সৌদি আরবে অবস্থান করছেন।

তবে অনেক শ্রমিক স্বাভাবিকভাবে কাজ চালিয়ে গেলেও চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে তাদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়েছে বলে জানা গেছে।

সূত্র: আল-জাজিরা