প্রবাস

৫ দিনেও সন্ধান মেলেনি যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর


প্রবাস ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পিএম

৫ দিনেও সন্ধান মেলেনি যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নিখোঁজ রয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। গত পাঁচ দিন ধরে তার কোনো খোঁজ না পাওয়ায় উদ্বেগ বাড়ছে পরিবার, সহপাঠী ও সংশ্লিষ্টদের মধ্যে।

জানা গেছে, তিনি বর্তমানে University of South Florida-তে স্নাতকোত্তর (এমএসসি) পর্যায়ে অধ্যয়নরত ছিলেন। বিভাগের ১৩তম ব্যাচের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের এই সাবেক শিক্ষার্থী সর্বশেষ এক সহপাঠীর সঙ্গে ক্যাম্পাসের বাইরে যাওয়ার পর থেকেই নিখোঁজ হন। এরপর থেকে তার এবং ওই সহপাঠীর ব্যবহৃত মোবাইল ফোন দুটিই বন্ধ রয়েছে।

সহপাঠীদের বরাতে জানা যায়, ঘটনাটি দ্রুতই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। বর্তমানে স্থানীয় পুলিশ ও স্টেট পুলিশ যৌথভাবে বিষয়টি তদন্ত করছে। ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে সর্বশেষ অবস্থান ক্যাম্পাসের ভেতরে শনাক্ত হলেও এরপর আর কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে—যেমন হাসপাতাল, বিমানবন্দর ও ডিটেনশন সেন্টার—খোঁজ নিয়েও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। বিষয়টি মায়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলকে জানানো হয়েছে। কনস্যুলেট সূত্রে জানা যায়, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনে এফবিআই-এর সহায়তা নেওয়ার বিষয়েও আলোচনা চলছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সর্বশেষ গত বৃহস্পতিবার বৃষ্টির সঙ্গে তাদের যোগাযোগ হয়েছিল। এরপর থেকে আর কোনো ধরনের যোগাযোগ সম্ভব হয়নি। পরে সহপাঠীদের কাছ থেকে খবর পেয়ে তারা স্থানীয় পুলিশকে অবহিত করেন এবং বিভিন্ন মাধ্যমে খোঁজ চালিয়ে যাচ্ছেন।

পরিবার আরও জানায়, তারা যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করেছেন এবং সহযোগিতা চেয়েছেন।

এদিকে সহপাঠী ও বন্ধুদের মধ্যে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তারা বৃষ্টির নিরাপদ প্রত্যাবর্তনের জন্য দোয়া চেয়ে সবার কাছে আহ্বান জানিয়েছেন। কেউ তার সম্পর্কে কোনো তথ্য পেলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

নোবিপ্রবির এসিসিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফাতেহা নুর রুবেল বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়মিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং দ্রুত শিক্ষার্থীকে খুঁজে পেতে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।