প্রবাস
লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে আ.লীগ নেতা রেজাউল করিম
আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও দলটির আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিমকে দীর্ঘদিন পর লন্ডনে প্রকাশ্যে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি লন্ডনের একটি রেস্তোরাঁয় বসে ডাব পান করছিলেন। এ সময় তার পরনে ছিল হাফ হাতা শার্ট।
ভিডিওতে দেখা যায়, সেখানে উপস্থিত এক ব্যক্তি, যিনি নিজেকে সাবেক ছাত্রদল নেতা হিসেবে পরিচয় দেন, শ ম রেজাউল করিমকে উদ্দেশ করে বিভিন্ন রাজনৈতিক অভিযোগ তুলে ধরেন। তিনি গুম, খুন এবং বিরোধী নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ উল্লেখ করে সাবেক মন্ত্রীর সমালোচনা করেন। তবে ভিডিওতে শ ম রেজাউল করিমকে এসব অভিযোগের জবাব দিতে দেখা যায়নি।
এর আগে গত বছরের ১৩ জুনও লন্ডনে তাকে প্রকাশ্যে দেখা যায়। সে সময় তিনি ডরচেস্টার হোটেলের সামনে একটি কেকের দোকানে ছিলেন। তার সঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান এবং সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।
জানা যায়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের লন্ডন সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে শ ম রেজাউল করিম সেখানে অবস্থান করছিলেন।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শ ম রেজাউল করিম আত্মগোপনে চলে যান। পরে এক ভিডিও বার্তায় তিনি ভারত হয়ে তৃতীয় কোনো দেশে আশ্রয় নেওয়ার কথা স্বীকার করলেও নিজের অবস্থান প্রকাশ করেননি। লন্ডনে তার সাম্প্রতিক প্রকাশ্য উপস্থিতির মাধ্যমে তার অবস্থান সম্পর্কে নতুন করে আলোচনা শুরু হয়েছে।