ধর্ম

আশুরা সংশ্লিষ্ট ইতিহাসের পাতায় নবী-রাসুলদের স্মরণীয় ঘটনা


ধর্ম ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০৫:৩৮ পিএম

আশুরা সংশ্লিষ্ট ইতিহাসের পাতায় নবী-রাসুলদের স্মরণীয় ঘটনা
প্রতীকী ছবি

ইতিহাসের এমন কিছু দিন আছে, যেগুলোর মাহাত্ম্য কেবল ঐতিহাসিক নয়—তা আধ্যাত্মিক, নৈতিক এবং মানবতার জন্য চিরন্তন শিক্ষা বয়ে আনে। ইসলামি ক্যালেন্ডারের মহররম মাসের দশম দিন, অর্থাৎ আশুরা, এমনই এক দিন। এই দিনে সংঘটিত হয়েছে অসংখ্য স্মরণীয় ও তাৎপর্যপূর্ণ ঘটনা, যা যুগে যুগে মানুষের জন্য দিকনির্দেশনা হয়ে আছে।

আশুরার তাৎপর্য শুধুমাত্র কারবালার হৃদয়বিদারক ঘটনার মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলামি ইতিহাস ও বিভিন্ন নবী-রাসুলের জীবনী অনুসারে, এই দিনটি ছিল একাধিক ঐতিহাসিক ঘটনার সাক্ষী। যদিও সব ঘটনার সনদগত প্রমাণ নেই, তবুও মুসলিম ঐতিহ্যে তা ব্যাপকভাবে আলোচিত ও সম্মানিত। নিচে আশুরা দিবসে সংঘটিত কয়েকটি উল্লেখযোগ্য ঘটনার সংক্ষিপ্ত তালিকা তুলে ধরা হলো-

নবী-রাসুলদের জীবনে আশুরা দিবসের গুরুত্ব:

* আদম (আ.)-এর সৃষ্টি ও তাওবা কবুল – এই দিনেই মানবজাতির সূচনা এবং আদম (আ.)-এর ক্ষমা প্রাপ্তির ঘটনা সংঘটিত হয়।

* ইদ্রিস (আ.)-এর আসমানে উত্তোলন।

* নুহ (আ.)-এর নৌকা জুদি পাহাড়ে ভেড়ায় – মহাপ্লাবনের পর এই দিনে তাঁর নৌকা নিরাপদে স্থলে ভেড়ে।

* ইবরাহিম (আ.) ‘খলিলুল্লাহ’ উপাধি লাভ করেন এবং তাঁর জন্য আগুন শীতল ও নিরাপদে পরিণত হয়।

* ইসমাইল (আ.)-এর জন্ম – ত্যাগ ও কোরবানির প্রতীক এই নবীর জন্ম আশুরার দিনেই।

* ইউসুফ (আ.)-এর মুক্তি এবং রাজসিংহাসনে আরোহন।

* ইয়াকুব (আ.) ও ইউসুফ (আ.)-এর পুনর্মিলন।

* মুসা (আ.)-এর মাধ্যমে বনি ইসরাঈলের মুক্তি – লাল সাগর চিরে জুলুম থেকে রক্ষা, ফেরাউনের ধ্বংস।

* তাওরাত নাজিল হয় মুসা (আ.)-এর ওপর।

* সুলাইমান (আ.)-এর হারানো রাজত্ব পুনরুদ্ধার।

* আইয়ুব (আ.)-এর রোগমুক্তি – ধৈর্য ও তাওয়ার উদাহরণ এই দিনেই সুস্থ হন তিনি।

* ইউনুস (আ.) মাছের পেট থেকে মুক্তি পান।

* ইউনুস (আ.)-এর জাতির তাওবা কবুল হয়।

* ঈসা (আ.)-এর জন্ম ও আসমানে উত্তোলন।

* বিশ্বে প্রথম রহমতের বৃষ্টি নেমেছিল আশুরার দিনেই।

ইসলামি সংস্কৃতি ও রাসুল (সা.)-এর জীবনে আশুরা:

* কাবা শরিফে নতুন গিলাফ পরানো হতো এই দিনে।

* রাসুলুল্লাহ (সা.)-এর খাদিজা (রা.)-এর সঙ্গে বিবাহ সম্পন্ন হয় আশুরার দিনেই।

কারবালার বেদনাময় অধ্যায়:
শহীদ ইমাম হুসাইন (রা.)-এর আত্মত্যাগ – হিজরি ৬১ সালের এই দিনে কুফার প্রান্তরে নবীজির (সা.) প্রিয় দৌহিত্র হুসাইন (রা.) নির্মমভাবে শহীদ হন। তাঁর মৃত্যু শুধু একটি ঘটনা নয়, বরং সত্য ও অন্যায়ের চূড়ান্ত ফয়সালার ইতিহাস।

কিয়ামতের সম্ভাব্য দিন?
বহু হাদিস বিশারদ ও ইসলামি পণ্ডিতদের মতে, কিয়ামতও হতে পারে আশুরার দিনেই—যদিও এটি নিশ্চিত নয়। (নুজহাতুল মাজালিস, মাআরিফুল হাদিস)