ধর্ম
যুক্তরাষ্ট্র ও কানাডায় রোজা শুরু ১৮ ফেব্রুয়ারি
উত্তর আমেরিকা ও কানাডার মুসলিম সম্প্রদায়ের জন্য ২০২৬ সালের পবিত্র রমজান মাসের সম্ভাব্য সূচি প্রকাশ করেছে ফিকহ কাউন্সিল অব নর্থ আমেরিকা (এফসিএনএ)। সংস্থাটির জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ১৪৪৭ হিজরি সালের রমজান ১৮ ফেব্রুয়ারি বুধবার থেকে শুরু হবে।
ফিকহ কাউন্সিল জানিয়েছে, এর আগে ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত থেকেই উত্তর আমেরিকার মুসলিমরা তারাবির নামাজ পড়া শুরু করবেন। রমজানের এক মাস সিয়াম সাধনার পর ২০ মার্চ শুক্রবার সম্ভাব্য ঈদুল ফিতর উদযাপিত হবে।
প্রতিবছরের মতো এবারও সংস্থাটি বৈজ্ঞানিক মানদণ্ড ব্যবহার করে আগাম এই ক্যালেন্ডার প্রকাশ করেছে। ফিকহ কাউন্সিল চন্দ্রমাস নির্ধারণে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবকে শরিয়তসম্মত পদ্ধতি হিসেবে বিবেচনা করে। সংস্থা জানিয়েছে, নতুন মাস শুরু করতে সূর্যাস্তের সময় চাঁদ ও সূর্যের কৌণিক দূরত্ব কমপক্ষে ৮ ডিগ্রি এবং চাঁদের উচ্চতা অন্তত ৫ ডিগ্রি হতে হবে।
ফিকহ কাউন্সিলের হিসাব অনুযায়ী, ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সূর্যাস্তের আগে নতুন চাঁদ জন্ম নেবে এবং সেই দিনই নির্ধারিত শর্ত পূরণ হবে। তাই ১৮ ফেব্রুয়ারি বুধবার থেকে হিজরি ক্যালেন্ডারের নবম মাস রমজান গণনা শুরু হবে।