ধর্ম

জার্সি পরে নামাজ পড়া যাবে কি? যা বলছে ইসলাম


ধর্ম ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১১:৩১ এএম

জার্সি পরে নামাজ পড়া যাবে কি? যা বলছে ইসলাম
ছবি: সংগৃহীত

ইসলামে নামাজ প্রতিটি প্রাপ্তবয়স্ক মুসলিম নর-নারীর জন্য ফরজ ইবাদত। এটি মানুষকে সৎ ও কল্যাণের পথে পরিচালিত করে এবং অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। পবিত্র কোরআনে বারবার নামাজ কায়েমের নির্দেশ দেওয়া হয়েছে।

নামাজ আদায়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে, যার মধ্যে পবিত্র ও শালীন পোশাক পরিধান অন্যতম। অপবিত্র বা অনুচিত পোশাক পরে নামাজ আদায় করলে তা গ্রহণযোগ্য হয় না। তাই নামাজের সময় এমন পোশাক পরা জরুরি, যা শরীর যথাযথভাবে ঢেকে রাখে এবং পবিত্র থাকে।

বর্তমানে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে প্রিয় দলের জার্সি পরার প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে। বাংলাদেশেও আর্জেন্টিনা, ব্রাজিলসহ বিভিন্ন দলের জার্সির চাহিদা তুঙ্গে। এ অবস্থায় অনেক মুসল্লির মনে প্রশ্ন জাগে—ফুটবল জার্সি পরে নামাজ আদায় করা যাবে কি না।

এ বিষয়ে ফুকাহায়ে কেরামের অভিমত হলো, প্রচলিত অনেক খেলাধুলায় জুয়ার উপাদান, সময় ও অর্থের অপচয় এবং অশালীনতা জড়িয়ে থাকতে পারে, যা পরিত্যাগ করা উত্তম।

জার্সি পরে নামাজ আদায় করা অনুচিত হলেও নামাজ হয়ে যায়। তবে জার্সিতে যদি প্রাণীর ছবি স্পষ্টভাবে থাকে, তাহলে নামাজ আদায় হলেও তা মাকরুহ হিসেবে গণ্য হবে। আর ছবি অস্পষ্ট হলে মাকরুহ হবে না।

ইসলামি শরিয়তে প্রাণীর ছবিযুক্ত পোশাক পরা নিষিদ্ধ বলা হয়েছে। তবে প্রাণহীন বস্তু যেমন গাছ, পাহাড় বা প্রাকৃতিক দৃশ্যের ছবি থাকা পোশাক পরিধান বৈধ। (আল–বাহরুর রায়েক: ২/২৯, মেরকাতুল মাফাতিহ: ৪৪৮৯)

পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, يَا بَنِي آدَمَ خُذُواْ زِينَتَكُمْ عِندَ كُلِّ مَسْجِدٍ ‘হে বনি–আদম! তোমরা প্রত্যেক নামাজের সময় সাজসজ্জা পরিধান করে নাও।’ (সুরা আরাফ: ৩১)