ধর্ম
দেশের আকাশে সফর মাসের চাঁদ দেখা গেছে, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা
দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে সফর মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ১২ আগস্ট বুধবার সারাদেশে ধর্মীয় মর্যাদায় পালিত হবে পবিত্র আখেরি চাহার সোম্বা।
বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ।
জাতীয় চাঁদ দেখা কমিটি জানায়, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ও বিভাগীয়-জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসো থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে সফর মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. জহিরুল ইসলাম, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছাদেক আহমদ এবং স্পারসোর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুহাম্মদ শহিদুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগ, আবহাওয়া অধিদপ্তর, ঢাকা জেলা প্রশাসন এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন।