সারাদেশ
চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন জাহিদুল ইসলাম
চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে তিনি পূর্বসূরি কর্মকর্তার কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি জানান, চট্টগ্রামে একটি জনবান্ধব, সুশাসননির্ভর ও মানবিক প্রশাসন গড়ে তুলতে সচেষ্ট থাকবেন। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, পেশাদারিত্ব নিশ্চিত করা এবং উন্নয়ন কার্যক্রমের নিয়মিত অগ্রগতি বজায় রাখতে জেলার সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। একই সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষায় সবার সমন্বিত সহায়তা প্রত্যাশা করেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় গত ১৩ নভেম্বর সাইফুল ইসলামকে সরিয়ে দিয়ে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। নতুন দায়িত্ব পাওয়ার আগে তিনি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
১৯৭৯ সালের অক্টোবরে টাঙ্গাইলের ভুয়াপুরে মুক্তিযোদ্ধা পরিবারে জন্ম নেওয়া জাহিদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পাশাপাশি আধুনিক ভাষা ইনস্টিটিউট থেকে রাশিয়ান ভাষায় ডিপ্লোমা এবং যুক্তরাজ্য থেকে মানবসম্পদ ব্যবস্থাপনায় এমএসসি ডিগ্রি অর্জন করেন। ২০০৬ সালে ২৫তম বিসিএসের মাধ্যমে প্রশাসনে যোগ দিয়ে দেশের বিভিন্ন জেলায় এনডিসি, এসিল্যান্ড ও ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। কমলগঞ্জে ইউএনও থাকাকালে ‘জেলার শ্রেষ্ঠ সরকারি কর্মকর্তা’ হিসেবে স্বীকৃতি পান তিনি।
২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পর রাজবাড়ীর জেলা প্রশাসক হিসেবে যোগদান করেই মানবিক প্রশাসক হিসেবে দেশজুড়ে পরিচিতি পান জাহিদুল ইসলাম। আন্দোলনে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানো, আহতদের খোঁজ রাখা এবং দ্রুত মানবিক সহায়তা নিশ্চিত করায় ব্যাপক প্রশংসা কুড়ান তিনি। পরবর্তীতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবেও একের পর এক মানবিক উদ্যোগ গ্রহণ করে নিজেকে দেশের অন্যতম জনপ্রিয় প্রশাসক হিসেবে প্রতিষ্ঠিত করেন। গত ১৬ নভেম্বর তিনি নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
চট্টগ্রামে তার আগমনকে কেন্দ্র করে শহরজুড়ে নতুন প্রশাসনিক গতিশীলতা দেখা যাচ্ছে। এর আগে গত ১৯ অক্টোবর সাইফুল ইসলাম চট্টগ্রামের ডিসি হিসেবে যোগ দিলেও জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনে রদবদলের অংশ হিসেবে তাকে এক মাসের মধ্যেই বদলি করা হয়।
উল্লেখ্য, সাইফুল ইসলামের আগেও চট্টগ্রামের প্রথম নারী জেলা প্রশাসক ফরিদা খানম দায়িত্ব পালন করেন। তবে দায়িত্বকালে সরকারি জমি বরাদ্দ, সরকারি সম্পত্তি রক্ষা, তহবিল ব্যবস্থাপনা ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে একাধিক অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অভিযোগের পর ২৫ সেপ্টেম্বর তিনি বদলি হয়ে চট্টগ্রাম ত্যাগ করেন।
নতুন জেলা প্রশাসক হিসেবে জাহিদুল ইসলাম মিঞার দায়িত্ব গ্রহণে চট্টগ্রামের জনগণ একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মানবিক প্রশাসনের প্রত্যাশা করছে।