সারাদেশ

অপ্রতিমের মাকে কী জবাব দেব, জানি না: এমপি মনিরুল


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পিএম

অপ্রতিমের মাকে কী জবাব দেব, জানি না: এমপি মনিরুল
ছবি: সংগৃহীত

কুমিল্লায় ১৩ বছর বয়সী অপ্রতিম হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি বলেছেন, এই সময়ে এমন অমানবিক ঘটনা ঘটতে পারে, তা অবিশ্বাস্য। এ ধরনের ঘটনার কোনো জবাব নেই।

শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। ক্যাম্পাসের পাশের লালমাই সানন্দা পাহাড় এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে ঘটনাস্থলে গিয়ে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, অপ্রতিমের মায়ের সঙ্গে দেখা করে কী জবাব দেবেন, তিনি জানেন না। দ্রুত অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

মনিরুল হক চৌধুরী বলেন, জাতির ইতিহাসে যেসব লজ্জাজনক ঘটনা ঘটেছে, অপ্রতিম হত্যাকাণ্ড সেগুলোর মধ্যে একটি। এ ঘটনায় সবার বিবেক জাগ্রত হওয়া উচিত।

তিনি আরও জানান, আগামী তিন মাসের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে সংসদ সদস্য বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হতে হবে। এমন পরিস্থিতি কোনোভাবেই চলতে পারে না। কিশোরদের নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তা না হলে আগামী দিনে দেশকে এগিয়ে নেওয়া কঠিন হয়ে পড়বে।