সারাদেশ
কুমিল্লায় অপ্রতীম হত্যাকাণ্ডে আরও একজন আটক
কুমিল্লায় অপ্রতীম হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে তুহিনের পর আনাস নামে আরও একজনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন কোটবাড়ি পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহিবুল আলম ভূঁইয়া।
পুলিশ জানিয়েছে, অপ্রতীমের মৃত্যুর ঘটনায় তদন্তের অংশ হিসেবে তুহিন ও আনাস নামে দুজনকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। এর আগে একই ঘটনায় তুহিনকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতীম। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজের পর অপ্রতীমের ব্যবহৃত মুঠোফোনের সর্বশেষ অবস্থান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি সামাজিক বনায়ন এলাকায় শনাক্ত হয়। পরে শনিবার ভোরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই এলাকায় তল্লাশি শুরু করেন।
তল্লাশির একপর্যায়ে ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের একটি টিলায় অপ্রতীমের লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
কোটবাড়ি পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহিবুল আলম ভূঁইয়া বলেন, অপ্রতীমের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। তদন্তের অংশ হিসেবে তুহিন ও আনাস নামে দুইজনকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে।