সারাদেশ

টাঙ্গাইলে ৫০০ কৃতি শিক্ষার্থীর হাতে বৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দিলেন প্রতিমন্ত্রী টুকু


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৭:৪২ পিএম

টাঙ্গাইলে ৫০০ কৃতি শিক্ষার্থীর হাতে বৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দিলেন প্রতিমন্ত্রী টুকু
টাঙ্গাইলে ৫০০ কৃতি শিক্ষার্থীর হাতে বৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দিলেন প্রতিমন্ত্রী টুকু। ছবি: ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলে প্রায় ৫০০ কৃতি শিক্ষার্থীর মাঝে বৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে। টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্লে-গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেয়।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে জেলা সদর রোডের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি শিক্ষার্থীদের হাতে বৃত্তি, সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানের মেধাবী শিক্ষার্থীরাই ভবিষ্যতের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে। তাই তাদের সঠিকভাবে গড়ে তুলতে পরিবার, শিক্ষক ও সমাজের সমন্বিত ভূমিকা অপরিহার্য। শুধু ভালো ফলাফল অর্জন নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে ওঠার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার আয়োজন করেছেন, যাতে শিক্ষার্থীরা সহশিক্ষা কার্যক্রমেও অংশগ্রহণ করে নিজেদের দক্ষতা বাড়াতে পারে।

মাদকের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে রাখতে হলে মাদকের বিস্তার রোধে কঠোর অবস্থান নিতে হবে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকারও আহ্বান জানান তিনি।

শিশুদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিতের বিষয়ে তিনি বলেন, টাঙ্গাইলে শিশুদের খেলাধুলা ও সুস্থ বিনোদনের সুযোগ বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, যেকোনো অনিয়মের বিষয়ে তাকে অবহিত করলে ব্যবস্থা নেওয়া হবে। নিয়ম মেনে চলার ওপর গুরুত্বারোপ করে তিনি একটি সুন্দর টাঙ্গাইল গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি টাঙ্গাইলের সভাপতি ড. খন্দকার আনিছুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মামুনুর রশীদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মো. হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, হবিগঞ্জের ইন্সট্রাক্টর মো. ইসলাম মিয়া এবং সংগঠনের সাহিত্য বিষয়ক সম্পাদক বাবু ভবেশ মুকুট পালসহ অনেকে।