সোশ্যাল মিডিয়া
বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগে আন্দোলন করবেন ইশরাক
বিএনপি নেতা ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটার ও তার কর্মী সমর্থকদের বিশেষ বার্তা দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। ওই ফেসবুক পোস্টে তিনি বর্তমান সরকারে থাকা বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগে কঠোর আন্দোলন করার ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (২০ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ হুঁশিয়ারি দেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে চলমান আন্দোলন প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।
ওই স্ট্যাটাসে ইশরাক লিখেন, ‘আমি আন্দোলনরত ঢাকা দক্ষিণ সিটির জনগণ ও ভোটারদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বাদে অন্য কোনো রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে যত ক্ষোভ থাকুক না কেন, আমরা তাদের অসম্মান হয় এরকম কিছু করা থেকে শতভাগ বিরত থাকি। আমরা সমালোচনা করি, রাজনৈতিক বক্তব্যর মধ্য দিয়ে তাদেরকে সতর্ক করি, তাদের ভুল ধরিয়ে দেই কিন্তু অবশ্যই ভাষাগত শিষ্টাচার মেনে।’
ইশরাক হোসেন লিখেন, ‘অনেক তো দেখে আসছি, আর পেছনের দিকে দেশটাকে নিতে চাই না। অবশ্যই আমরা রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলা করব, দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দেবো, নির্বাচনী স্পষ্ট রোডম্যাপ আদায়ের মাধ্যমে আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ নেবো। এমনকি বর্তমানে বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগে কঠোর গণতান্ত্রিক আন্দোলনও করবো। কিন্তু ভাষা ও ব্যবহারে জাত শত্রুও যাতে সমালোচনা করতে না পারে।
এদিকে, আদালতের রায় অনুযায়ী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণ করানোর দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন তার অনুসারীরা। আজও সকাল থেকে নগর ভবনের সামনের সড়কে অবস্থান করছেন ইশরাকের অনুসারীরা।
মঙ্গলবার (২০ মে) ডিএসসিসি নগর ভবনের গেটে পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চ তৈরি করেছেন ইশরাকের অনুসারীরা। সেখানে চলছে জাদুর প্রদর্শনী। পাশাপাশি অস্থায়ী মঞ্চে বিভিন্ন শিল্পীকে গান পরিবেশ করতেও দেখা যায়।