সোশ্যাল মিডিয়া

জেবু আমাদের ধৈর্য ও মমতা শিখিয়েছে: জাইমা রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:১৯ পিএম

জেবু আমাদের ধৈর্য ও মমতা শিখিয়েছে: জাইমা রহমান
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা, ব্যারিস্টার জাইমা রহমান সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন, তাঁর প্রিয় বিড়াল জেবুর (জেবু নামের বিড়াল) মাধ্যমে অনেকেই ধৈর্য, ভালোবাসা ও যত্ন নেওয়ার শিক্ষা নিয়েছে।

জাইমা রহমান লিখেছেন, “ভালোবাসা কোনো প্রজাতির সীমাবদ্ধতা মানে না। ভাষা না মিললেও আমরা একে অপরকে ভালোবাসা ও যত্নের মাধ্যমে বুঝতে পারি।”

তিনি জানান, জেবুকে ছোট্ট বিড়ালছানা হিসেবে প্রথম বাড়িতে আনার সময় তিনি কল্পনাও করেননি যে, জেবু আমাদের পরিবারের এত গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠবে। জেবু এতটাই পরিবারের সঙ্গে আবদ্ধ যে, কখনও কখনও জাইমার বাবা-মা তার খোঁজ জাইমার আগে নিতেন। বাগানে কাজ করার সময় বা হাঁটতে বের হওয়ার সময় জেবু তাঁদের চারপাশে লাফিয়ে লাফিয়ে ঘুরে আনন্দ উপভোগ করত।

জাইমা আরও জানান, সন্ধ্যায় তার বাবার অনলাইন মিটিং শেষ হওয়া পর্যন্ত জেবু তাঁর কোলে গুটিয়ে বসে থাকত এবং আদরের আনন্দ উপভোগ করত। জাইমার সঙ্গে জেবুর সম্পর্ক আরও গভীর; জাইমা বলেন, “জেবু যেন সব সময় আমার মনের অবস্থা বুঝে ফেলত। তার ছোট্ট পা আর কোমল ছোঁয়ায় সে যতটা পারে, ততটাই সঙ্গ দিত।”

তিনি উল্লেখ করেন, যে কোনো প্রাণী লালন-পালন করা মানেই বড় দায়িত্ব নেওয়া। ছোটবেলায় আমরা পশু-পাখির সঙ্গে বড় হই, আর সেই অভিজ্ঞতা মানুষকে নিজের সম্পর্কে অনেক কিছু শেখায়। বিশেষত, পোষা প্রাণীর সঙ্গে নতুন পরিবেশে মানিয়ে নেওয়া কতটা কঠিন, তা জাইমা জেবুর মাধ্যমে উপলব্ধি করেছেন। বর্তমানে জেবু মহাদেশ পেরিয়ে এক নতুন দেশে বসবাস করছে, আর এই পরিবর্তন তার জন্য বড় চ্যালেঞ্জ।

জাইমা পোস্টে আরও মজার কিছু তথ্যও শেয়ার করেছেন। তিনি লিখেছেন, “জেবু কখনো ‘মিউ মিউ’ করে না। খুশি বা অবাক হলে পাখির মতো নরমভাবে ডাক দেয়। অনুমতি ছাড়া কোলে নিলে হালকা বিরক্তিতে ‘গোঁ গোঁ’ করে। আর যেসব বিড়াল ওর পছন্দ নয়, তাদের দিকে জোর দিয়ে চিৎকার করে।”

জাইমা রহমানের এই পোস্ট শুধুই জেবুর প্রতি ভালোবাসা প্রকাশ নয়, এটি প্রাণী পালন এবং তাদের প্রতি ধৈর্য, যত্ন ও মমতা শেখার এক সুন্দর বার্তাও বয়ে আনে।