খেলা
লালবাগ কেল্লায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ট্রফি উন্মোচন
ঢাকার ঐতিহাসিক লালবাগ কেল্লাতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠান। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৮টা ৪৫ মিনিটে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই দলের অধিনায়ক-বাংলাদেশ ওয়ানডে দলের মেহেদী হাসান মিরাজ এবং ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ।
মনোরম সকাল, প্রাচীন স্থাপত্য এবং উচ্ছ্বাসপূর্ণ পরিবেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় সিরিজের ট্রফি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, এই আয়োজন কেবল ক্রিকেটই নয়, দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটনের সৌন্দর্য তুলে ধরার একটি প্রচেষ্টা। এটি বিসিবির ‘ক্রিকেট ট্যুরিজম উদ্যোগ’-এর অংশ এবং বাংলাদেশ পর্যটন বোর্ডের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।
আগামী শনিবার (১৯ অক্টোবর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডের পরের পর্যায়ে থাকছে তিন ম্যাচের টি-টোয়েন্টি লড়াই। ইতোমধ্যেই ক্যারিবীয় দল ঢাকায় পৌঁছে প্রস্তুতি শুরু করেছে।