খেলা

মাঠেই হার্ট অ্যাটাক, ঢাকা ক্যাপিটালসের কোচ জাকি মারা গেছেন (ভিডিও)


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০১:৪৪ পিএম

মাঠেই হার্ট অ্যাটাক, ঢাকা ক্যাপিটালসের কোচ জাকি মারা গেছেন (ভিডিও)
মাঠেই হার্ট অ্যাটাক, ঢাকা ক্যাপিটালসের কোচ জাকি মারা গেছেন। ছবি: সংগৃহীত

ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি শনিবার বিপিএলের ১২তম আসরের দ্বিতীয় দিনে মাঠে হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেছেন। দলের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামার আগে সকালেই খেলোয়াড়দের সঙ্গে পরিকল্পনা সাজাতে এবং গা গরম করার জন্য উপস্থিত ছিলেন জাকি।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, তিনি হঠাৎ দলের ডাগ আউটের কাছে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে দলের ফিজিও সম্ভাব্য হার্ট অ্যাটাক বুঝতে পেরে সিপিআর শুরু করেন। প্রথমে তিনি সাড়া দেন এবং নিঃশ্বাস ফিরে পান। কিন্তু অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তিনি নিস্তেজ হয়ে যান। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক জরুরি পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স ছিল ৬৪ বছর।

বিসিবির চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “মাঠে হার্ট অ্যাটাক করার পর জাকিকে সিপিআর দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে তিনি সাড়া দিলেও হাসপাতালে পৌঁছানোর আগে মৃত্যু ঘটে।”

জাকি বাংলাদেশ দলের সাবেক পেসার। খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার শেষ করার পর তিনি কোচিংয়ে প্রবেশ করেন। তিনি বিসিবির অধীনে বিশেষজ্ঞ বোলিং কোচ হিসেবে কাজ করেছেন এবং মাশরাফি-মোস্তাফিজ ও তাসকিন আহমেদদের বোলিং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ২০১৬ সালে তাসকিন আহমেদের বোলিং প্রশ্নবিদ্ধ হলে তার অধীনে অ্যাকশন ঠিক করার কাজও করেছেন।