খেলা

নতুন ছকে যেভাবে নির্ধারিত হবে বিশ্বকাপের শেষ ৩২


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৬:৪২ পিএম

নতুন ছকে যেভাবে নির্ধারিত হবে বিশ্বকাপের শেষ ৩২
ছবি: সংগৃহীত

২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপে দলসংখ্যা বৃদ্ধির পাশাপাশি ফুটবলীয় নিয়মেও এসেছে বড় পরিবর্তন। এবার গ্রুপ পর্বের সমীকরণ নির্ধারণে প্রচলিত গোল ব্যবধানের বদলে মুখোমুখি লড়াই বা হেড-টু-হেড ফলাফলকে প্রধান মানদণ্ড হিসেবে গ্রহণ করেছে ফিফা।

নতুন কাঠামো অনুযায়ী, ১২টি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে মোট ২৪টি দল এবং আরও সেরা ৮টি তৃতীয় স্থানের দল নিয়ে প্রথমবারের মতো ৩২ দলের রাউন্ড অব ৩২ নকআউট পর্ব শুরু হবে। তবে সমান পয়েন্টে থাকা দলগুলোর ভাগ্য নির্ধারণে রাখা হয়েছে ধাপে ধাপে জটিল টাইব্রেকার নিয়ম।

প্রথম ধাপে দেখা হবে সমান পয়েন্ট থাকা দলগুলোর মুখোমুখি লড়াইয়ে অর্জিত পয়েন্ট। সেখানে সমতা থাকলে বিবেচনায় আসবে হেড-টু-হেড গোল ব্যবধান ও গোল সংখ্যা। এরপরও সমাধান না হলে পুরো গ্রুপের ম্যাচগুলোর গোল ব্যবধান, মোট গোল সংখ্যা এবং ফেয়ার প্লে পয়েন্ট হিসাব করা হবে।

সবশেষ ধাপে, যদি কোনোভাবেই দল আলাদা করা না যায়, তাহলে আর কোনো লটারি বা টস নয়—সরাসরি ফিফা র‍্যাংকিং অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে চলমান বিশ্বকাপে প্রথম দল হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে সহ-আয়োজক মেক্সিকো। তারা প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ এবং দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ ‘এ’ থেকে নকআউট পর্ব নিশ্চিত করে।

দ্বিতীয় দল হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। তারা প্রথমে প্যারাগুয়েকে ৪-১ গোলে এবং পরে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে টানা দুই জয়ে নকআউট পর্বে জায়গা করে নেয়।

অন্যদিকে বিদায় নিশ্চিত হয়েছে হাইতি ও তুরস্কের। হাইতি স্কটল্যান্ড ও ব্রাজিলের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। আর তুরস্ক অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের কাছে পরাজিত হয়ে বিদায় নেয়।