খেলা
আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন লিওনেল মেসি
অসংখ্য রেকর্ডের মালিক লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপে অংশ নিয়ে নতুন এক ইতিহাস গড়েছেন। তিনি বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপ খেলার কীর্তি অর্জন করেন। একদিন পর সেই রেকর্ডে ভাগ বসান ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে মাঠের পারফরম্যান্সে আবারও আলো ছড়ান মেসি। আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক করে তিনি শিরোনামে উঠে আসেন।
চার দিনের মধ্যেই ৩৯ বছরে পা দেবেন এই আর্জেন্টাইন মহাতারকা। বয়স ও শারীরিক অবস্থার কারণে ২০৩০ বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে শুরু হয় জল্পনা। তবে বিষয়টি একেবারে নাকচ করে দিয়েছেন মেসি।
আর্জেন্টিনার গণমাধ্যম ওলে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে বলেন, ‘না, সপ্তম বিশ্বকাপ খেলার কোনো সম্ভাবনা নেই, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি।’
দীর্ঘদিন শীর্ষ পর্যায়ে খেলার রহস্য প্রসঙ্গে মেসি বলেন, তিনি সবসময় ফুটবলের মধ্যেই বেঁচে থেকেছেন এবং প্রতিনিয়ত নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছেন। শারীরিকভাবে নিজেকে প্রস্তুত রাখাই তার সাফল্যের মূল চাবিকাঠি বলেও জানান তিনি।
২০৩০ বিশ্বকাপ হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের বিশেষ একটি আসর, যেখানে শতবর্ষ পূর্তি উপলক্ষে স্পেন, পর্তুগাল ও মরক্কোর পাশাপাশি উদ্বোধনী ম্যাচ হবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে।
তবে ভবিষ্যৎ নিয়ে খুব বেশি ভাবছেন না মেসি। তিনি জানান, ক্লাব, জাতীয় দল ও ব্যক্তিগত পর্যায়ে প্রায় সব অর্জনই তার হয়ে গেছে, তাই এখন যা কিছু আসছে সবই তার কাছে বাড়তি প্রাপ্তি।
ফিফার সর্বশেষ পারফরম্যান্স সূচকেও আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর শীর্ষে উঠে এসেছেন লিওনেল মেসি।