খেলা

দাদির স্বপ্ন পূরণে বিশ্বকাপ জিততে চাই বলেই আবেগে কেঁদে ফেললেন ভিনিসিয়ুস


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৭:২৮ পিএম

দাদির স্বপ্ন পূরণে বিশ্বকাপ জিততে চাই বলেই আবেগে কেঁদে ফেললেন ভিনিসিয়ুস
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন ব্রাজিলের তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। তিন ম্যাচে চার গোল করে তিনি বর্তমানে আসরের যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার অবস্থানে রয়েছেন। জাপানের বিপক্ষে নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে জানিয়েছেন, দাদির বহুদিনের স্বপ্ন পূরণ করতেই এবার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে লড়ছেন তিনি।

রোববার একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের শৈশব, পরিবার এবং জীবনের নানা স্মৃতির কথা তুলে ধরেন ভিনিসিয়ুস। স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের তিন-শূন্য গোলের জয়ের পর ধারণ করা ওই অনুষ্ঠানে দাদি ডোনা নিলজার প্রসঙ্গ উঠতেই আবেগাপ্লুত হয়ে পড়েন এই ব্রাজিল তারকা।

অনুষ্ঠানে দাদির পাঠানো একটি বার্তা শোনানো হলে চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি। ভিনিসিয়ুস জানান, ১৬ বছর বয়স পর্যন্ত দাদির সঙ্গেই বেড়ে উঠেছেন। বাবা দূরে থাকায় মা, ভাইবোন ও দাদির স্নেহ-ভালোবাসাতেই কেটেছে তার শৈশব।

তিনি বলেন, তার দাদি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের একজন। পরিবারের সদস্যরা তার স্বপ্ন পূরণে অসংখ্য ত্যাগ স্বীকার করেছেন। তাই তাদের মুখে হাসি ফোটাতে পারাটাই তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।

ভিনিসিয়ুস আরও বলেন, ব্রাজিলকে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ এনে দেওয়াই এখন তার প্রধান লক্ষ্য। দীর্ঘদিন ধরে দেশের সমর্থকেরা এই সাফল্যের অপেক্ষায় রয়েছেন এবং বর্তমান দল সেই স্বপ্ন বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।

তিনি জানান, দলের অভিজ্ঞ ফুটবলারদের কাছ থেকে তরুণরা প্রতিনিয়ত সাহস ও আত্মবিশ্বাস পাচ্ছেন। একই সঙ্গে নতুন প্রজন্মের খেলোয়াড়দের সম্ভাবনা নিয়েও আশাবাদ প্রকাশ করেন তিনি।

মাঠের বাইরেও বর্ণবাদের বিরুদ্ধে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন ভিনিসিয়ুস। তার ভাষ্য, মানুষের পাশে দাঁড়ানো এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই করাকে তিনি মাঠের সাফল্যের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ মনে করেন। ভবিষ্যৎ প্রজন্ম যেন বর্ণবাদের তিক্ত অভিজ্ঞতার শিকার না হয় এবং প্রতিটি শিশু সমান মর্যাদায় বেড়ে উঠতে পারে—এটাই তার প্রত্যাশা।