খেলা

ব্রাজিল-জাপান ম্যাচে ‘বিতর্কিত পেনাল্টি’ দেওয়া রেফারিকে দায়িত্ব দিল ফিফা


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৯:১২ পিএম

ব্রাজিল-জাপান ম্যাচে ‘বিতর্কিত পেনাল্টি’ দেওয়া রেফারিকে দায়িত্ব দিল ফিফা
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২ পর্বের গুরুত্বপূর্ণ ব্রাজিল–জাপান ম্যাচ পরিচালনার জন্য রেফারি প্যানেল ঘোষণা করেছে ফিফা। এই ম্যাচে মূল দায়িত্বে থাকছেন ইতালির অভিজ্ঞ রেফারি মাউরিজিও মারিয়ানি।

ফিফার ঘোষণায় বলা হয়েছে, সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে মারিয়ানিকে সহায়তা করবেন তার স্বদেশী দুই সহকারী রেফারি দানিয়েল বিন্দোনি ও আলবার্তো তেগোনি। চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন সুইজারল্যান্ডের সান্দ্রো শ্যারার এবং রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন স্টিফেন ডি আলমেইদা।

চলতি বিশ্বকাপে ইতালির একমাত্র প্রতিনিধি হিসেবে মাঠের রেফারি হিসেবে আছেন মারিয়ানি। এর আগে গ্রুপ পর্বে তিনি সৌদি আরব–উরুগুয়ে এবং কলম্বিয়া–ডিআর কঙ্গো ম্যাচ পরিচালনা করেন। এবার প্রথমবারের মতো নকআউট পর্বেও দায়িত্ব পেলেন তিনি।

তবে তার ক্যারিয়ার বিতর্কমুক্ত নয়। সিরি আ, চ্যাম্পিয়নস লিগসহ বিভিন্ন প্রতিযোগিতায় একাধিক পেনাল্টি ও ভিডিও সহায়তা প্রযুক্তির সিদ্ধান্ত নিয়ে তিনি বারবার সমালোচনার মুখে পড়েছেন। ২০২৪ সালে নাপোলি–ইন্টার ম্যাচে বিতর্কিত পেনাল্টি দেওয়ার পর সাময়িকভাবে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। পাশাপাশি ইন্টার ও য়্যুভেন্তাসের ম্যাচে শেষ মুহূর্তের এক পেনাল্টি সিদ্ধান্ত নিয়েও তীব্র বিতর্ক তৈরি হয়।

এত সমালোচনার পরও গুরুত্বপূর্ণ ম্যাচে তার অভিজ্ঞতার ওপর ভরসা রেখেছে ফিফা।