খেলা

ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে নরওয়ে শিবিরে বড় ধাক্কা


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৯:৪৬ পিএম

ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে নরওয়ে শিবিরে বড় ধাক্কা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কা খেয়েছে নরওয়ে। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে সেলেসাওদের বিপক্ষে মাঠে নামার আগে দলটির তারকা রাইট-ব্যাক জুলিয়ান রায়ারসনের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ঊরুর চোটে ভুগছেন রায়ারসন। ফলে ব্রাজিলের বিপক্ষে তার মাঠে নামার সম্ভাবনা খুবই কম বলে জানা গেছে।

গ্রুপ পর্ব থেকেই ঊরুর মাংসপেশির টানজনিত সমস্যায় ভুগছেন বরুশিয়া ডর্টমুন্ডের এই ডিফেন্ডার। যদিও ম্যাচের আগে শেষ অনুশীলনে তাকে দলের সঙ্গে দেখা গেছে, তবে শুরু থেকেই খেলার মতো ফিটনেস এখনও পুরোপুরি ফিরে পাননি বলে মনে করছে কোচিং স্টাফ।

সেনেগালের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে মাত্র ১৩ মিনিট খেলে চোট পেয়ে মাঠ ছাড়েন রায়ারসন। এরপর ফ্রান্স ও আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচেও তিনি দলে ছিলেন না। ম্যাচের আগের অনুশীলনে কৌশলগত কারণে বেশ গোপনীয়তা বজায় রেখেছে নরওয়ে শিবির।

এদিকে ব্রাজিলের বিপক্ষে গতিময় কাউন্টার অ্যাটাক কাজে লাগাতে আক্রমণভাগেও পরিবর্তন আনতে পারে নরওয়ে। সে ক্ষেত্রে লম্বা গড়নের স্ট্রাইকার আলেকজান্ডার সরলথের বদলে একাদশে সুযোগ পেতে পারেন গতিময় ফরোয়ার্ড অস্কার বব।